২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান উৎসবে ঐশ্বরিয়া

আসন্ন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভিন্ন ভিন্ন আয়োজনে উপস্থিত থাকবেন বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, সোনাম কাপুর এবং ভারতীয় বংশোদ্ভূত হলিউডি অভিনেত্রী ফ্রিদা পিন্টো। তারা প্রত্যেকেই বলিউডের ভিন্ন ভিন্ন সময়ের রূপকে ওই উৎসবে তুলে ধরবেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 03:05 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

ওই তিন অভিনেত্রী কান উৎসবে প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হবেন। কান উৎসবরে মেক-আপ ব্র্যান্ড হিসেবে এ বছর লরিয়াল ১৬ তম বছরে পদার্পণ করছে। এবারের কান উৎসবে ভারতীয় সিনেমার শততম বার্ষিকীও উদ্যাপিত হবে।

লরিয়ালের বিপণন ব্যবস্থাপক, মানসি গুহ বলেন, “এবারের কান উৎসবে ভারতীয় চলচ্চিত্রে শততম বছর উদযাপিত হতে যাচ্ছে। আর তাই এ আয়োজনে লরিয়ালের ভারতীয় এবং আন্তর্জাতিক অ্যাম্বাসেডররা উপস্থিত থাকবেন।”

এ বছর ২০ মে কানের লাল গালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া। পাশাপাশি ১৯ মে আয়োজিত ভারতীয় সিনেমার শতবর্ষ উদযাপনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের বিশেষ নিমন্ত্রণও পেয়েছেন তিনি।

এ বিষয়ে ঐশ্বরিয়া বলেন, “আন্তর্জাতিক মহলে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উদযাপিত হচ্ছে এটি একটি গর্বের বিষয়। এটিই প্রমাণ করে যে পুরো বিশ্বে ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয়তা কতখানি।”

এ বছর তৃতীয়বারের মতো কান উৎসবে যাচ্ছেন সোনাম। ১৫ মে কানের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন তিনি। ১৬ মে লাল গালিচায় হাঁটবেন তিনি। সোনাম বলেন, “ভারতীয় চলচ্চিত্রকে নিয়ে এবার কান উৎসবে আয়োজন করা হচ্ছে। আমি সত্যিই গর্বিত।”

অন্যদিকে আন্তর্জাতিক অভিনেত্রী ফ্রিদা বলেন, “ভারতীয় চলচ্চিত্রের এই অর্জন সত্যিই গর্বের। ভারতীয় চলচ্চিত্র এই দীর্ঘ সফরে পুরো বিশ্বে একটি বিশাল প্রভাব ফেলেছে।”