ক্ষমা চাইলেন রিজ
হলিউডি অভিনেত্রী রিজ উইদারস্পুন জানিয়েছেন, সম্প্রতি আটলান্টার পুলিশের সঙ্গে অশোভন আচরণ করার জন্য তিনি গভীরভাবে লজ্জিত। খবর এনডিটিভির।
১৯ এপ্রিল ভোররাতে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় রিজের স্বামী হলিউড এজেন্ট জিম টথকে; আর তখন রিজ পুলিশের সঙ্গে অশোভন আচরণ করে তাদের কাজে বাধা দেওয়ায় তাকেও গ্রেফতার করে আটলান্টা স্টেট পুলিশ।
আটলান্টা পুলিশের প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, সেদিন রিজের স্বামীকে গ্রেফতার করার সময় তিনি তাদের কাজে বাধা দেন এবং বলেন ‘তুমি জানো আমার নাম কি? তুমি এখনই জানবে আমি কে। তুমি এবার অনেক বড় খবরের শিরোনাম হয়ে যাবে।’
ঘটনার দিন রিজের স্বামী মদ্যপান করে রাস্তায় নির্ধারিত লাইনের বাইরে গাড়ি চালাচ্ছিলেন। পরে পুলিশি তল্লাশিতে জানা যায় তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন।
ঐ মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হলেও একদিন পরেই ছেড়ে দেওয়া হয় ওই দম্পতিকে। পরদিন নিউ ইয়র্কে রিজ তার নতুন সিনেমা ‘মাড’-এর প্রিমিয়ারে অংশগ্রহণ করেন। তবে এ বিষয়ে রিজের সহশিল্পীদের জিজ্ঞেস করা হলে তারা কোন মন্তব্য করেননি।
