সুরির জন্মদিনে টম
হলিউডি অভিনেতা টম ক্রুজ সম্প্রতি তার কন্যা সুরির ৭ম জন্মদিন পালন করেছেন। যদিও ১৮ এপ্রিল ৭ বছরে পা দিতে যাচ্ছে টম ক্রুজ তনয়া। কিন্তু জন্মদিনের অনুষ্ঠানটি আগেই সেরে ফেলেছেন তার বাবা। খবর জানিয়েছে ব্যাং শোবিজ।
১৭ এপ্রিল একটি রেডিও অনুষ্ঠানে সুরির জন্মদিনের পরিকল্পনা নিয়ে টমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি এর মধ্যেই সুরির জন্মদিন পালন করে ফেলেছি। আমি বাচ্চাদের জন্য সবকিছু আগে আগেই করি।”
টম আরও জানান, এমনিতে যথেষ্ট স্বাস্থ্যসচেতন হওয়া সত্ত্বেও নিজের সন্তানদেও জন্য সব রকমের মিষ্টি খাবার খেতে কোনো আপত্তি নেই তার।
টম বলেন, “আমি কেক খাব, কাপকেক খাব। আমি সবই খাব ওদের জন্য।”
এর আগে ১১ এপ্রিল টমকে তার কন্যা সুরির সঙ্গে নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার পার্কে বেড়াতে দেখা গেছে।
জন্মদিন পালনের পরে সুরির নিউ ইয়র্কে যাতায়াতের জন্য একটি প্রাইভেট জেটের স্থায়ী ব্যবস্থা করেছেন টম।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি সিনেমার শুটিংয়ের সময় সুরিকে পাঁচ দিনের জন্য লন্ডন ভ্রমণে নিয়ে যান টম। ২০১২ সালের অগাস্ট মাসে ফ্লোরিডার ডিজনিল্যান্ডের ‘সিন্ডারেলা ক্যাসেল’-এ সুরির সঙ্গে একরাত কাটান তিনি।
২০১২ সালের জুন মাসে টম তার তৃতীয় স্ত্রী কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদ ঘটান এবং এরপর থেকে তাদের একমাত্র কন্যা সুরির তত্ত্বাবধানের দায়িত্ব পান কেটি। সুরি ছাড়াও সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে টমের রয়েছে আরও দুটি সন্তান।
