ছাগল ‘শাহরুখ’!
সম্প্রতি বলিউডি অভিনেতা শাহরুখ খানের নামে রাখা হয়েছে একটি ছাগলের নাম! ওই ছাগলটিকেই দেখা যাবে ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক জানকি বিশ্বানাথানের পরবর্তী সিনেমায়। খবর জি মিডিয়া ব্যুরোর।
প্রভাবশালী একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জানকি ‘বাকরাপুর’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর সিনেমাটির অন্যতম কেন্দ্রীয় চরিত্র একটি ছাগল, যার নাম রাখা হবে শাহরুখ। জানকি সিনেমাটি সম্পর্কে জানান,‘একটি ছোট ছেলে এবং তার ছাগলকে নিয়েই একটি কমেডি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি আমি।’
একজন অভিনেতার নামানুসারে ছাগলের নামকরণ করার বিষয়ে জানতে চাওয়া হলে জানকি বলেন, “ভারতের গ্রামাঞ্চলে অভিনয় শিল্পীদের নামানুসারে পোষা প্রাণীদের নামকরণের একটি প্রবণতা দেখা যায়। আমরা বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের পোষা ছাগলের উপর গবেষণা করে দেখেছি। সেগুলোর মধ্যে শাহরুখ নামটি পেয়েছি আমরা।”
জানকি আরও বলেন, “সালমান খানের নামানুসারেও ছাগলের নাম পেয়েছি আমরা। তবে শাহরুখ নামের ছাগলটিকেই আমরা বেছে নিয়েছি। কারণ সেটি সবচেয়ে আলাদা ছিল। তাছাড়া শাহরুখ মানে রাজকীয় রূপ।”
সিনেমায় ছাগলের নামকরণের বিষয়টি শাহরুখ কীভাবে নেবেন সে বিষয়ে জানকি বলেন, “শাহরুখের রসবোধ অনেক বেশি। তিনি নিজেও অনেক রসিকতা করেন। এ বিষয়টিও আশা করছি তিনি কৌতুক হিসেবেই নেবেন।”
