কাপুরের পর সিং
সঞ্জয় লীলা বনসালির ‘রাম লীলা’ সিনেমার সুবাদে বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়–কোন এবং অভিনেতা রণবীর সিংয়ের মধ্যে ঘনিষ্টতা গড়ে উঠেছে, সেটি পুরানো খবর। সম্প্রতি জানা গেছে, ‘সিনেমার খাতিরে’ ভোর ৪ টায়ও একসঙ্গে সময় কাটাচ্ছেন ওই নতুন জুটি! খবর জি নিউজ ব্যুরোর।
রাজস্থানের দুর্গম একটি স্থানে শুটিং হচ্ছে ‘রাম লীলা’ সিনেমাটির। বলিউডি ইতিহাসে অন্যতম দুর্গম সেট এটিই। সূর্যোদয়ের সময়ে শুটিংয়ের জন্য ভোর ৪ টায় সকলকে সেটে উপস্থিত থাকতে হয়। আর সে সময়ই দীপিকা এবং রণবীর এক সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যমটি জানায়, ‘হোটেল থেকে গাড়ি চালিয়ে সেটে পৌছাতে সাড়ে তিন ঘন্টা সময় লাগে। আর তাই সূর্যোদয়ের শুটিংয়ের জন্য কেউই রাতে ঘুমাতে পারছেন না। দীপিকা এবং রণবীর আড়াইটার সময় সেটের উদ্দেশ্যে রওনা হন।’
যদিও দীপিকা কখনওই স্বীকার করেননি যে রণবীরের সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক আছে তার। তবে সম্প্রতি দীপিকার প্রতি তার দুর্বলতার কথা জানিয়েছেন রণবীর। বেশ কিছুদিন ধরেই এই নতুন জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে রণবীর কাপুরের পর এবার খুব শিগগিরি রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতে যাচ্ছেন দীপিকা।
