রণবীরের রসিকতায় আহত কালকি
বলিউডি অভিনেতা রণবীর কাপুরের রসবোধের সঙ্গে টিনসেলের কম বেশি সকলেই পরিচিত। তবে সম্প্রতি এই রসিকতাই কাল হয়ে দাঁড়িয়েছিলো রণবীরের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সহ-অভিনেত্রী কালকি কোচলিনের জন্য! খবর মিড ডের।
সংবাদমাধ্যমটি জানায়, সিনেমাটির একটি দৃশ্যে কালকির মুখে সামান্য একটু হলুদ বাটা লাগাতে বলা হয়েছিলো রণবীরকে। তবে রসিকতা করতে গিয়ে কালকির পুরো মুখে হলুদ বাটা লেপে দেন তিনি। তাতে কালকির সংবেদনশীল ত্বকে র্যাশ উঠে যায়। আর সে কারণে প্রায় দু’দিন শুটিং বন্ধ রাখতে হয়েছিলো।
এ বিষয়ে এক সূত্র জানায়, ‘তার ত্বকে র্যাশ বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিলো। আর তাই সব ঠিকঠাক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিলো আমাদের। দৃশ্যটি দ্বিতীয়বার চিত্রায়ন করার আগে বেশ বেগ পেতে হয়েছিলো। কারণ আমরা ভয় পাচ্ছিলাম আবার না অসুস্থ হয়ে পড়েন কালকি।’
তবে শেষ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই চিত্রায়িত হয়েছিলো দৃশ্যটি।
