২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা প্রার্থনা করবেন না সঞ্জয়

১৯৯৩ সালের মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বলিউডি অভিনেতা সঞ্জয় দত্তকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এ রায়ের বিপরীতে শাস্তি কমিয়ে দেবার জন্য নতুন করে আপিল করার সুযোগ থাকলেও সঞ্জয় জানিয়েছেন, তিনি আদালতের সিদ্ধান্তই মেনে নিতে চান। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বোমা হামলার সময় অবৈধ অস্ত্রসহ ধরা পড়েছিলেন সঞ্জয়। অস্ত্র আইনের আওতায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। ২৬ মার্চ নিজ বাড়িতে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের দেশের সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমি সম্মান জানাচ্ছি। ওই সময় যারাই আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আমি।’

এ কথাগুলো বলার সময় ভেঙে পড়েন ‘মুন্নাভাই’ খ্যাত ওই অভিনেতা। তিনি বলেন, ‘আমার এখনও বেশ কিছু কাজ বাকি আছে। পরিবারের সঙ্গেও কিছুটা সময় কাটাতে চাই আমি। আত্মসমর্পনের আগ পর্যন্ত কিছুটা সময় চাই আমি।’

জেলে যাবার আগে চুক্তিকৃত সিনেমাগুলোর কাজ শেষ করছেন তিনি। একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম জানিয়েছে, সঞ্জয় টি পি আগারওয়াল পরিচালিত ‘পুলিশগিরি’ সিনেমার শুটিং করছেন মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। অন্যদিকে ‘জাঞ্জির’ রিমেক সিনেমার শুটিংও এ সপ্তাহের মধ্যেই শেষ করবেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া এবং রাম চরণ তেজা।

‘উগলি’ এবং রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ সিনেমার শুটিংও বাকি রয়েছে। তবে আশার কথা হলো ‘পিকে’ সিনেমার শুটিং ইতোমধ্যে অনেকটাই শেষ হয়েছে। সঞ্জয়ের আর এক কি দু’দিনের কাজ বাকি রয়েছে।