ভক্তের কারিনা দর্শন!
ভক্তদের সঙ্গে দেখা করা এবং তাদের সঙ্গে সময় কাটানোর ব্যাপারে কারিনা কাপুর খানের সুখ্যাতি প্রমাণিত হলো আরেকবার; এবার কেবল দেখা করার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ঘটনাটি, তাদেরকে দুপুরের খাবারেও আপ্যায়ন করেছেন তিনি। খবর জি নিউজ ব্যুরোর।
সম্প্রতি এক সিনেমার শ্যুটিং এর সেটে কারিনার সঙ্গে দেখা করার জন্য সেখানে অবস্থান করছিলেন তার দুই ভক্ত। কারিনার হেয়ার স্টাইলিস্ট পম্পি হান্স এর সুবাদে অবশেষে সেই সুযোগ মেলে তাদের। কারিনার ভ্যানিটি ভ্যানে পম্পি নিয়ে যান তাদের। সেখানে বেশ কিছুক্ষণ আলাপচারিতা শেষে দুপুরের খাবার খেতে তাদের ডাকেন কারিনা।
এভাবে নিজের ভ্যানিটি ভ্যানে দু’জন অপরিচিত ভক্তের সঙ্গে মুখোমুখি হওয়ার ঘটনাটি আকস্মিকভাবে ঘটলেও তা নিয়ে বিচলিত হতে দেখা যায়নি কারিনাকে। সূত্র জানিয়েছে, কারিনার এই বদান্যতায় যারপরনাই খুশি ভক্তদ্বয় পরবর্তীতে তাকে ধন্যবাদ জানিয়ে ফিরে যান ঐ স্থান থেকে।
