রেখার আশীর্বাদধন্য সোনম
সিনিয়র বলিউডি অভিনেত্রী রেখা অভিনীত ১৯৮০ এর সিনেমা ‘খুবসুরাত’ এর রিমেকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর; আর এর জন্য রেখার আশীর্বাদও নাকি পেয়েছেন তিনি। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
সংবাদমাধ্যমটিকে সোনম বলেন, ‘তার (রেখা) সঙ্গে আমার দেখা হয়েছিলো ‘যাব তাক হ্যায় জান’ এর প্রিমিয়ারে; সেখানেই তিনি এই সিনেমার জন্য আমায় আশীর্বাদ করেছেন।’
১৯৮০ এর ওই পারিবারিক কমেডি সিনেমাটি পরিচালনা করেছিলেন হৃষিকেশ মুখার্জি। এতে রেখার সঙ্গে আরও অভিনয় করেছিলেন অশোক কুমার, দিনা পাঠক এবং রাকেশ রোশান। এবার সেই সিনেমাটিই নতুন রূপে হাজির করতে চাইছেন অভিনেতা অনীল কাপুর; তার প্রযোজনায় এটি পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। চলতি বছরের আগস্টে এটির শুটিং শুরু হবে।
রিমেক সিনেমাটি সম্পর্কে সোনম বলেন, ‘আমরা মূল গল্পটি অনুসরণ করছি না। আমরা ঐ চরিত্রটি থেকে নির্যাস নিয়ে এর আধুনিকায়ন ঘটাতে চাইছি।’
