রিজভীর কথায় গাইলেন রাকিব
প্রথমবারের মতো নাট্যকার রেজাউর রহমান রিজভীর কথায় গান গাইলেন মিউজিশিয়ান রাকিব মোছাব্বির। ‘সুখ পাখি’ ও ‘ছলনা’ শিরোনামের গান দু’টি বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাকিবের প্রকাশিতব্য তৃতীয় একক ‘সুখ পাখি’ অ্যালবামে থাকবে। দু’টি গানেরই সুর ও সংগীত করেছেন শিল্পী নিজে।
রিজভী বলেন, ‘গানের প্রতি ভালোবাসা থেকেই গান লিখি। বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল মিউজিশিয়ানদের মধ্যে রাকিব অন্যতম। সংগীতের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করে। সুখ পাখি অ্যালবামে আমার লেখা দু’টি গান রাকিবের অন্যতম সেরা কম্পোজিশন হিসেবে শ্রোতাপ্রিয়তা পাবে সেই কামনাই করছি।’
‘সুখ পাখি’ গানের কথা এমন- ‘কার বুকে মাথা রেখে কার কথা তুমি ভাবো/ কার ছবি মনের মাঝে তুমি এঁকে চলো/ ভুলের খেয়ায় কেন তুমি ভাসো।’
উল্লেখ্য, সাউন্ডটেকের ব্যানারে রাকিবের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০০৮ সালে। ‘যারে আমার মন’ শিরোনামের ওই অ্যালবামের টাইটেল গানটি শ্রোতাপ্রিয়তা পায়। এরপর ২০১০ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক ‘বৈশাখ এলো’ অ্যালবামটি। সেই ধারাবাহিকতায় এবার বৈশাখে আসছে রাকিবের তৃতীয় একক অ্যালবাম ‘সুখ পাখি’। অ্যালবামটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। অ্যালবামে গান থাকবে ৮টি।
