ভালো আছেন টম আর কেটি
বিবাহ বিচ্ছেদের পর হলিউডি জুটি টম ক্রুজ এবং কেটি হোমস বেশ ভালোই আছেন বলে জানিয়েছেন তাদের এক বন্ধু। খবর ব্যাং শোবিজের।
এ সাবেক হলিউডি জুটির ঘনিষ্ট বন্ধু পরিচালক অ্যাডাম শ্যাঙ্কম্যান সম্প্রতি ওই দুই তারকার সঙ্গেই কাজ করেছেন। তিনি জানালেন বিচ্ছেদের পরও নিজ নিজ অবস্থানে ভালো আছেন টম এবং কেটি। বিশেষ করে মেয়ে সুরির সঙ্গে সময় কাটানোর পর টম সবচেয়ে বেশি খুশি থাকেন।
ইউএস ম্যাগাজিনকে অ্যাডাম জানান, ‘আমার সঙ্গে টমের ইমেইল আদান প্রদান হচ্ছিলো। আর তাকে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি দারুণ আনন্দে আছেন। বর্তমানে লন্ডনে টম তার পরবর্তী সিনেমা ‘অল ইউ নিড ইস কিল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। এবং আমি জানি তার সঙ্গে সুরির দেখা হয়েছে।’
তিনি আরও জানান, ‘কেটিও ভালো আছেন।’
২০১২-এর জুলাই মাসে ডিভোর্সের মধ্য দিয়ে ৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন ওই হলিউডি জুটি। বিচ্ছেদের পর মেয়ে সুরির অভিভাবকত্ব পান কেটি। আর টম পান মেয়ের সঙ্গে মাঝে মধ্যে দেখা করার অধিকার। বিচ্ছেদের পর খুব বেশি সময় সুরির সঙ্গে দেখা করার সুযোগ না পেলেও সম্প্রতি লন্ডনে বাবা এবং মেয়ে এক সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বলে জানা গেছে।
