অন্তরে অন্তরে রিমেক: ‘শান’ হবেন নিরব
সালমান শাহ ও মৌসুমী অভিনীত এবং শিবলি সাদিক পরিচালিত নব্বই দশকের সাড়া জাগানো চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’ রিমেকে অভিনয় করছেন নিরব। তার বিপরীতে অভিনয় করবেন নবাগত অমৃতা। চলচ্চিত্রটি নির্মাণের মাধ্যমে পরিচালনায় নাম লেখাচ্ছেন আতিক রহমান।
চলচ্চিত্রটিতে প্রয়াত অভিনেতা সালমান শাহর চরিত্রে অভিনয় করবেন নিরব। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি গ্লিটজকে বলেন, ‘এটা আমার অভিনয় জীবনের জন্য একটা বিশেষ প্রাপ্তি। তার অভিনীত চরিত্রে আমাকে নেওয়ায় বেশ চাপ অনুভব করছি। চেষ্টা করবো ভালো অভিনয় দিয়ে সে চাপ কাটিয়ে উঠতে। আমার বিপরীতে অভিনয় করবেন অমৃতা। আশা করছি, দর্শকরা এ জুটিকে পছন্দ করবে।’
নির্মাতা সূত্র জানিয়েছে, চলচ্চিত্রটির শুটিং মার্চ মাসের শেষে শুরু করার পরিকল্পনা রয়েছে। শুটিং হবে পূবাইল, কক্সবাজার, সেন্টমার্টিন এবং টাঙ্গাইল জমিদার বাড়িতে।
উল্লেখ্য, চলচ্চিত্রটিতে সালমান শাহ অভিনয় করেছিলেন শান নামের চরিত্রে এবং তার বিপরীতে ঝিনুক চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। এর গান দুজনে নিরজনে, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো, ও দাদি ও দাদি আমি তোমার দিওয়ানা, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, অন্তরে অন্তরে এবং ও হিরো ও হিরো সেসময়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। গানগুলোয় কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর, রুনা লায়লা, আগুন, রিজিয়া পারভীন ও খালিদ হাসান মিলু।
পরিচালক জানিয়েছেন, ‘আগের গানগুলোর কথা ঠিক রেখে নতুন করে রিমেক করা হবে। এরই মধ্যে আশা প্রোডাকশন্স-এর কাছ থেকে তার কপিরাইট কেনা হয়েছে।’
