আবার ‘মি. ইন্ডিয়া’য় শ্রীদেবী
১৫ বছরের দীর্ঘ বিরতির পর ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মধ্য দিয়ে টিনসেলে ফিরে আসেন বলিউডি অভিনেত্রী শ্রীদেবী। আর এবার তিনি প্রতীক্ষায় আছেন ১৯৮৭ সালের বহুল আলোচিত সিনেমা ‘মি. ইন্ডিয়া’-এর সিকুয়ালে অভিনয়ের। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এ বিষয়ে শ্রীদেবী বলেন, ‘অবশ্যই আমি মি. ইন্ডিয়া ২-এ অভিনয় করবো। তবে এ বিষয়ে কোনো কথা বলার সময় এখনও হয়নি। সিকুয়ালটিতে আমার চরিত্র কেমন হবে সেটিও আমি সঠিক জানি না। আমার স্বামী বনি কাপুর বর্তমানে নো এন্ট্রি মে এন্ট্রি সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন। তার সিনেমার শুটিং শেষ হলে তবেই আমরা ওই বিষয়ে কথা বলবো।’
১৯৮৭ সালে শেখর কাপুর পরিচালিত এবং বনি কাপুর প্রযোজিত ‘মি. ইন্ডিয়া’ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অনীল কাপুর। আর কেন্দ্রীয় নারী চরিত্রে ছিলেন শ্রীদেবী। খল চরিত্র মোগাম্বোর ভূমিকায় ছিলেন প্রয়াত অমরেশ পুরি। মোগাম্বো চরিত্রটি বলিউডি জগতের অন্যতম আলোচিত একটি খল চরিত্র।
