সিনেপ্লেক্সে ‘ব্যাটল অব টু এম্পায়াসর্ : ফাতিহ ১৪৫৩’
এবারে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী সাড়া জাগানো তুর্কি চলচ্চিত্র ব্যাটল অব টু এম্পায়াসর্ : ফাতিহ ১৪৫৩। ৮ই মার্চ শুক্রবার সিনেমাটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। সিনেমাটি পরিচালনা করেছেন ফারুক অক্ষয়। এতে অভিনয় করেছেন ডেভরিম ইভান, ইব্রাহিম ক্লিককোল, ডিলেক সারবেস্ট প্রমুখ।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি তুরস্কে সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহে প্রায় ২৫ লাখ টিকেট বিক্রি হয়। ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ‘ফাতিহ ১৪৫৩’ এ পর্যন্ত আয় করেছে প্রায় ৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ইতোমধ্যে তুরস্কের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে এটি।’
মেজবাহ আরো বলেন, ‘ঢাকার দর্শকরাও সিনেমাটি উপভোগ করবেন বলে আমরা আশা করছি।’
তুরস্কের দ্বিতীয় সুলতান মাহমুদের ইস্তাম্বুল জয়ের কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেছেন খ্যাতিমান তুর্কি পরিচালক ফারুক অকসি। ১৪৫৩ সালে টানা ৫৭ দিন অবরোধের পর সুলতান মাহমুদের ইস্তাম্বুল জয়ের বীরত্বগাঁথার এ ছবি তুরস্কের চলচ্চিত্রের ইতিহাসের এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ছবি। সুলতান মাহমুদ মাত্র ১২ বছর বয়সে প্রথম সিংহাসনে বসেন। তবে রাজ্য পরিচালনায় সমস্যা সৃষ্টি হওয়ার আশংকায় তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। একুশ বছর বয়সে আবার সিংহাসনে আরোহনের পর তিনি তার বুদ্ধিমত্তা আর অসামান্য দক্ষতায় ইস্তাম্বুল জয় করেন। ছবিতে তার এই বীরত্বগাঁথার পাশাপাশি দেখা যায় ইরা নামের এক সুন্দরীর সঙ্গে একজন মুসলমান ও খ্রিস্টান তরুণের ত্রিভুজ প্রেমের চিত্র। রণকৌশল, প্রযুক্তিজ্ঞান, সামরিক বাহিনীর দক্ষতা ও ঐক্যের সমন্বয়ে এক তুর্কি ইতিহাসের গৌরবময় অধ্যায়ের সঙ্গে দর্শকদের পরিচয় ঘটবে এখানে।
