নতুন রূপে মল্লিকা
পরিচালক কে সি বোকাদিয়ার নতুন সিনেমা ‘ডার্টি পলিটিক্স’ এর মধ্য দিয়ে এবার নিজের আবেদনময়ী রূপ বদলে সম্পূর্ণ ভিন্নভাবে পর্দায় ফিরছেন বলিউডি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। খবর মিডডের।
হলিউডে কাজ করার স্বপ্নকে লালন করে মল্লিকা এখন ঘুরে বেড়াচ্ছেন মুম্বাই এবং আমেরিকায়। সেই সঙ্গে বর্তমানে তার নতুন সিনেমা ‘ডার্টি পলিটিক্স’ এর কাজেও রয়েছেন ব্যস্ত।
সিনেমাটির একটি সূত্র জানায়, ‘নতুন ইমেজ নিয়ে অনেকটাই আগ্রহী মল্লিকা এবং ওই সিনেমাটির জন্য আপাতত নিজের আবেদনময়ী ব্যক্তিত্বকে ঢেকেই রাখতে চাইছেন তিনি।’
সূত্রটি আরও জানায়, মল্লিকা তার সর্বশেষ সিনেমা ‘কিসমত লাভ পয়সা দিল্লি’র মত এই সিনেমাও প্রযোজনা করছেন; আগের সিনেমাটি ফ্লপ হলেও এবার খুবই আশাবাদী তিনি।
‘ডার্টি পলিটিক্স’ ভারতের রাজস্থানের একটি চাঞ্চল্যকর রাজনৈতিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির বেশিরভাগ শুটিং হচ্ছে রাজস্থানে ।
