মেলায় শাইখ সিরাজের ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’
এবারের অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশ থেকে বেরিয়েছে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের নতুন গ্রন্থ ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। ২২ ফেব্রুয়ারি বিকালে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সেসময় বইমেলার শহীদ বেদি চত্বরে বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ, ব্র্যাক এর নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন, অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাযহারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘শাইখ সিরাজের কৃষি বাজেট কৃষকের বাজেট দারুণ কার্যকর একটি উদ্যোগ যার মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত এলাকার কৃষকরা সরকারের উন্নয়ন ও অর্থনৈতিক নীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে। এই কার্যক্রম দেশের কৃষকদের অনেকটা ক্ষমতায়িত করেছে।’
কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন বলেন, ‘খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের প্রশ্নে বর্তমান সময়টি চ্যালেঞ্জিং। এই সময়ে কৃষকদেরকে যত বেশি ক্ষমতায়িত করা যাবে ততই তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।’
অন্যপ্রকাশ এর স্বত্বাধিকারী মাযহারুল ইসলাম বলেন, ‘আমি পর পর কয়েকবছর টেলিভিশনে দেখে এ সম্পর্কিত একটি সংকলন প্রকাশের ব্যাপারে আগ্রহী হই। গ্রন্থটি করতে গিয়ে দেখেছি, এটি দেশের কৃষি অর্থনীতির বড় একটি গবেষণায় পরিণত হয়েছে।’
শাইখ সিরাজ বলেন, কৃষির নীতি পরিকল্পনা থেকে কৃষক অনেক দূরে। এই দূরত্বটা কমানোর লক্ষ্য থেকে প্রতিবছরই কৃষি বাজেট কৃষকের বাজেট করছি। একেবারে উন্মুক্ত জায়গায় কৃষক তার দাবি, সংকট, প্রস্তাবনা কিংবা চাহিদা অকপটে বলেন। সেখানে একজন মন্ত্রীকে আমন্ত্রণ জানাই। আমার মনে হয় এর মধ্য দিয়ে সরকারের সঙ্গে কৃষকের ব্যবধান অনেকটা ঘুঁচে গেছে। এই কার্যক্রমেরই পাঁচ বছরের একটি সংকলন ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ এ মলাটবদ্ধ করা গেছে।’
বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুম রহমান। মূল্য : ৪৫০ টাকা।
