আবারও একসঙ্গে রানি-বনসালী
বলিউডি পরিচালক সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘ব্ল্যাক’ এবং ‘সাওয়ারিয়া’ সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন বলিউডি অভিনেত্রী রানি মুখার্জি। তাই আবারও সঞ্জয়ের সঙ্গে কাজ করতে চান রানি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এ বিষয়ে রানি বলেন, ‘আমি প্রথমবার বনসালীর সঙ্গে ব্ল্যাক সিনেমায় সঙ্গে কাজ করেছিলাম। সিনেমাটির একটি অংশ হতে পেরে আমি আনন্দিত। আর সম্প্রতি তিনি আবারও আমার সঙ্গে কাজ করার বিষয়ে জানিয়েছেন।’
‘ব্ল্যাক’ সম্পর্কে রানি বলেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ সিনেমা ব্ল্যাক উপহার দিয়েছেন সঞ্জয়। সঞ্জয় যখন আমাকে সিনেমাটিতে কাজ করতে বলেন আমি তখন ইতালিতে ছিলাম। কাহিনীটি আমার অত্যন্ত পছন্দ হয় তাই আমি রাজি হয়ে যাই। আমি জানি সিনেমাটি সবাইকে অবাক করেছিলো। সঞ্জয়ের সঙ্গে আমার কাজের অভিঞ্জতা সত্যিই অসাধারণ।’
বনসালী পরিচালিত সর্বপ্রথম টিভি সিরিয়াল ‘সরস্বতীচন্দ্র’ এর লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বঙ্গ ললনা রানি।
রানি অনুষ্ঠানে বলেন, ‘আমি সবসময়ই তার পাশে থাকবো। তিনি আমার অনেক ভালো একজন বন্ধু এবং আমার প্রিয় একজন পরিচালক। আমি চাই সবাই সিরিয়ালটি দেখুক। সঞ্জয়ের দেবদাস, হাম দিল দে চুকে সানাম, ব্ল্যাক এবং অন্যান্য সিনেমার মতো এটিও তার অসাধারণ একটি সৃষ্টি।’
‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালটির মূখ্য চরিত্রে অভিনয় করছেন গৌতম রোদি এবং জেনিফার উইংগেট।
