দীপান্বিতা ও শ্যামলের প্রথম চলচ্চিত্র
সম্প্রতি নির্মাণ শেষ হল ডিজিটাল প্রযুক্তির চলচ্চিত্র ‘সিবালোভা কেমাতো’। ওই চলচ্চিত্রে প্রথমবারের মতো এক সঙ্গে কাজ করলেন অভিনেত্রী দীপান্বিতা হালদার ও শ্যামল মওলা। গোলাম রাব্বানীর রচনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, নিকুল, আফজাল, জুলহাস, ফারুক, রাসেল আজম, সোমা, লাবণ্য, মৌসুমী প্রমুখ।
দীপান্বিতাকে একই সঙ্গে বেশ কয়েকটি চরিত্রে দেখা যাবে এই চলচ্চিত্রে। কখনো পার্বতী, কখনো লাইলী, কখনো শিরিসহ বিভিন্ন যুগের নানা কালজয়ী প্রেমিকার চরিত্রে তাকে দেখা যাবে।
এ বিষয়ে পরিচালক প্রশান্ত অধিকারী বলেন, ‘এখানে আসলে আমরা একটি প্রেমের গল্প দেখাতে চেয়েছি। হয়তো পুরো ছবিতে কোনো গল্প নেই। আবার প্রতিটি দৃশ্যেই আমরা একটি করে গল্প বলার চেষ্টা করেছি। সিভালোভা কেমাতোর অর্থ খুঁজে বের করার মধ্যেই আমাদের গল্প লুকিয়ে আছে। ভালোবাসা সকলের মধ্যে সব সময়ই থাকে। তা শুধু খুঁজে নিতে হয়।’
টাঙ্গাইলের নাগরপুর জমিদার বাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় এ চলচ্চিত্রের শুটিং হয়েছে। এতে চারটি গান থাকছে। গান লিখেছেন গোলাম রাব্বানী ও জুলহাস। গানে কণ্ঠ দিয়েছেন রাসেল আজম, জুলহাস ও মৌসুমী।
বর্তমানে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে। চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, রূপসজ্জায় ছিলেন মো. আলী বাবুল।
