২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার ফাঁসির দাবিতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান ও উদীচীর উপদেষ্টা অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী, হাবিবুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। সমাবেশে বক্তারা বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আনা মোট ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও কেন তাকে ফাঁসি দেওয়া হলো না তা বোধগম্য নয়।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 01:01 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

এ রায় নিয়ে জাতি অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। তারা অবিলম্বে এ রায় পুনর্বিবেচনার মাধ্যমে কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহবান জানান। আর যদি তা না হয়, তবে ভবিষ্যতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে আরো জোরদার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। এসময় তারা জামায়াতের সহিংসতার বিপরীতে সরকারের নতজানু নীতির তীব্র প্রতিবাদ জানান।

উদীচীর এ আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির সাবেক সভাপতি ও উদীচী’র উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর, যুব ইউনিয়নের সভাপতি কাফী রতন, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারেক আলী প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। উদীচীর সঙ্গে সংহতি জ্ঞাপন করে বাংলাদেশ মহিলা পরিষদ।