‘অথবা প্লেটনিক প্রেম’
প্রবাসী পার্থ বড়–য়া একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ছয় বছর পর দেশে ফিরেছেন।
দেশে আসার পর থেকে পুরনো মুখগুলো নতুন করে ফিরে আসতে থাকে তার কাছে। মম একজন স্বাধীন নারী। আল মনসুর বয়সে মমর চেয়ে অনেক বড় হলেও আল মনসুরের প্রতি তার এক ধরনের ভালোলাগা কাজ করে, যেটাকে ঠিক প্রেম বলা যায় না। অন্যদিকে, পার্থর প্রতি ক্রমশ তার অনুরাগ বেড়ে ওঠে। আল মনসুর একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। বিচ্ছেদ হওয়ার পরও সঙ্গিনীর জন্য গভীর ভালবাসা অনুভব করেন তিনি। লেখার মাধ্যমে বার বার ফিরে পেতে চান সেই ভালবাসাকে। তিনটি চরিত্রের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ভালবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘অথবা প্লেটনিক প্রেম’।
আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মম, পার্থ বড়–য়া, আল মনসুর, তোফাজ্জল লিটনসহ আরও অনেকে।
এ বিষয়ে মুন্না গ্লিটজকে বলেন, ‘প্রেমের দর্শন নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করেছি আমি। মানুষের জীবনে যে প্রেম আসে, তারই বিভিন্নতা খুঁজে দেখার প্রয়াস ছিলো টেলিফিল্মটিতে। কারণ লক্ষ্য করলে দেখা যায়, কিছু সম্পর্ক আছে যাকে কখনো প্রেম আখ্যা দেওয়া যায় না। আবার কিছু সম্পর্ক আছে যার কোন নামই দেওয়া যায় না।’
৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
