‘সঙ্গীতা’ বন্ধের সংবাদ মিথ্যা
সঙ্গীত প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ‘সঙ্গীতা’ বন্ধের সংবাদ মিথ্যা বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান সেলিম খান।
এ বিষয়ে সেলিম খান গ্লিটজকে বলেন, ‘‘সঙ্গীতা’ বন্ধের সংবাদ মিথ্যা। আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি। ২৮ তারিখে একটি পত্রিকায় প্রতিবাদলিপিটি ছাপা হয়েছে।’
সেলিম খানের ভাষ্য মতে গুজব সংবাদটি মাত্র একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু অনলাইনে খোঁজ করে দেখা গেছে, বেশ কয়েকটি কাগজের দৈনিক সংবাদপত্রের অনলাইন ভার্সন ও অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হচ্ছে ২৩ জানুয়ারি থেকে।
অপরদিকে শুধুমাত্র একটি সংবাদপত্র ছাড়া প্রতিবাদলিপি প্রকাশের আর কোনো তথ্য নেই সেলিম খানের কাছে। এছাড়া অনলাইনেও এ বিষয়ে কোনো তথ্য নেই। সেলিম খান আরো বলেন, ‘দেখুন এখন ডিজিটালের যুগ, কে কি করছে এ বিষয়ে নিজ মুখে স্বীকারোক্তি ছাড়া কাউকে কিছু বলা যায় না। এখন খুঁজে দেখা হচ্ছে, মেইলটা কে বা কারা করেছে।’
এ বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়েছে কিনা বা তাদের সহায়তা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না আমি ব্যক্তিগতভাবেই চেষ্টা করছি। তবে এ বিষয়ে আমাকে সংশ্লিষ্ট অনেকে সহযোগিতা করছেন। আশা করছি দোষীদের খুঁজে বের করতে পারবো আমরা।’
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ওই সংস্থাটি বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক সংগ্রহশালা দাবি করে সেলিম আরো বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক সংগ্রহশালা হিসেবে এটি কোনক্রমেই বন্ধ করার চিন্তা নেই। বরং আরো বেশিদিন কিভাবে ব্যবসা করা যায় সেদিকেই লক্ষ্য আমার। ২০১২ সালের ঈদ-উল-আযহাতেও আমরা ৪০টির বেশি অ্যালবাম বের করেছি, হতে পারে শিল্পীদের মার্কেট না থাকার কারণে সেগুলো তেমন প্রচার পায়নি। কিন্তু আমরা নিয়মিত অ্যালবাম প্রকাশ করেই যাচ্ছি এবং ভব্যিষতেও করবো। আমাদের সংস্থা থেকে শেষ অ্যালবাম বেরিয়েছে ১৪ জানুয়ারি ‘আড়াল ভালোবাসা’ শিরোনামে।’
