২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে এশিয়ান টিভি

১৮ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করছে এশিয়ান টিভি। ওই দিন ৩ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ জানুয়ারি একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়েছে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পুরোপুরি সম্প্রচার শুরু করছে তারা।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 04:30 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এতে আরো জানানো হয়েছে, এই আয়োজনে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন স্পিকার মো. আব্দুল হামিদ । এর সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবেন শাকিব খান, অপু বিশ্বাস, ফেরদৌস, নোবেল, রিচি সোলায়মান, মৌ, বিদ্যা সিনহা মীম, নিপুণ, শখ, সজল, ইমন, নওশীন, তমা মির্জা, ইশানা, হৃদয় খান, কণা, মৌসুমী হামিদ প্রমুখ।

এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘শুরু থেকেই এশিয়ান টিভি বিনোদন মূলক অনুষ্ঠান সম্প্রচার করছে। এরপর এপ্রিল-মে মাসে শুরু হবে সংবাদ সম্প্রচার। তবে আমাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও নিশ্চয়ই ভিন্নতা থাকবে।’

বাবু আরো বলেন, ‘শুরু দিকে আমরা বেশকিছু রিয়েলিটি শো দর্শকদের উপহার দিচ্ছি। এসবের মধ্যে থাকছে তারকাদের নিয়ে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘স্টার ড্যান্স’, অভিনয় শিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক  কৌতুকের অনুষ্ঠান ‘স্টার কমেডি’, সংগীত তারকাদের গান ও গল্প নিয়ে মিউজিক্যাল শো ‘গল্পে গানে’। এছাড়া ধারাবাহিক নাটকের তালিকায় থাকছে ‘ভালোবাসার কাহিনী’, ‘সেকেন্ড ইনিংস’, ‘বিশাখা’, ও ‘কাঁচের ক্যানভাস’। টক শোয়ের তালিকায় আছে সেলিব্রেটি শো ‘রাতের তারা’, রাজনীতি বিষয়ক অনুষ্ঠান ‘রাজনীতির মঞ্চ’। এছাড়া সপ্তাহের বিনোদন খবর নিয়ে ‘আনন্দ বার্তা’। আমরা শিশুদের বিনোদনের বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছি। তাই শুরু থেকেই শিশুদের জন্য এশিয়ান টিভি সম্প্রচার করবে শিশুদের জন্য অনুষ্ঠান ‘কাটুশ কুটুশ’।’

 সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী সাবেরী আলম, নির্মাতা ইদ্রিস হায়দার, চ্যানেলটির প্রোগ্রাম ডেপুটি সৈকত সালাহউদ্দীন, অভিনেত্রী-মডেল ভাবনা প্রমুখ।