ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাদিকা পারভীন পপি, সুচিন্ত চৌধুরী চঞ্চল ও ফেরদৌস আহমেদ- এ তিন নায়ক-নায়িকা জিতে নিয়েছেন ২০০৯ সালের সেরা অভিনেত্রী ও অভিনেতার পুরস্কার।
ওই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 'মনপুরা'। চঞ্চল 'মনপুরা'র জন্য এবং ফেরদৌস 'গঙ্গাযাত্রা'র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
'গঙ্গাযাত্রা'য় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান পপি। একই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
'বৃত্তের বাইরে'র জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শহিদুল আলম সাচ্চু এবং 'চাঁদের মতো বউ'য়ের জন্য নাসরিন আক্তার নিপুণ পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
'মনপুরা'য় অভিনয় করে সেরা খলচরিত্রের জন্য পুরস্কার পেয়েছেন মামুনুর রশীদ। 'মন বসে না পড়ার টেবিলে' অভিনয় করে কৌতুকাভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন এ টি এম শামসুজ্জামান। 'এবাদত'র জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন আলম খান। 'স্বামী-স্ত্রীর ওয়াদা'র জন্য সেরা সুরকারের পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ। 'আমার প্রাণের প্রিয়া'র জন্য সেরা নৃত্য পরিচালকের পুরস্কার পেয়েছেন তানজীল আলম। 'গঙ্গাযাত্রা'য় অভিনয় করে সেরা শিশুশিল্পীর পুরস্কার পেয়েছেন সৈয়দা অহিদা সাবরিনা। 'প্রিয়তমেষু'তে অভিনয় করে বিশেষ শাখায় শিশুশিল্পীর পুরস্কার পেয়েছেন জারকান জুনায়েদ জিবরান।
'মনপুরা'র জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। সেরা সংলাপের রচয়িতার পুরস্কার পেয়েছেন 'চাঁদের মতো বউ'য়ের জন্য মুহিব্বুল ইসলাম মুজতবা সউদ।
সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন তিনজন। 'স্বামী-স্ত্রীর ওয়াদা'র জন্য কুমার বিশ্বজিৎ এবং 'মনপুরা'র জন্য চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণকলি ইসলাম। 'স্বামী-স্ত্রীর ওয়াদা'র জন্য সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন কবির বকুল। সেরা সুরকারের পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ 'স্বামী স্ত্রীর ওয়াদা'র জন্য। 'বৃত্তের বাইরে'র জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন মাহফুজুর রহমান খান। একই চলচ্চিত্রের জন্য সেরা শব্দগ্রাহকের পুরস্কার পেয়েছেন সুজন মাহমুদ ও সেরা সম্পাদনার জন্য পুরস্কার পেয়েছেন জুনায়েদ আহমদ হালিম।
'গঙ্গাযাত্রা'র জন্য সেরা শিল্প নির্দেশকের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কলমতর, সেরা মেকআপম্যানের পুরস্কার পেয়েছেন খলিলুর রহমান এবং সেরা পোশাক ও সাজসজ্জার পুরস্কার পেয়েছেন দিলিপ সিং।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পুরস্কার প্রদান পর্ব শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সবশেষে সংগীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ, শাকিলা জাফর, মমতাজ ও আঁখি আলমগীর।
চলচ্চিত্রের গানের সঙ্গে নাচ পরিবেশন করেন শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমী, ফেরদৌস, ইমন, সায়না, সারিকা এবং নিরব। একক অভিনয়ে অংশ নেন এ টি এম শামসুজ্জামান। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন রিয়াজ ও শমী কায়সার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৩০ ঘ.
bdnews24