মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ব্যান্ডদল ওয়ারফেইজ এ পর্যন্ত প্রকাশিত তাদের জনপ্রিয় গানগুলো নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। অ্যালবামটির নাম বেস্ট অফ ওয়ারফেইজ । এটি বাংলাদেশ ছাড়াও ভারতেও প্রকাশিত হবে বলে জানান ব্যান্ডটির দলনেতা ড্রামার শেখ মনিরুল আলম টিপু।
টিপু আরও জানান, বাংলাদেশে প্রকাশিত বেস্ট অফ ওয়ারফেইজ এ বারোটি গান থাকলেও এই অ্যালবামের ভারতীয় সংকলনে থাকবে ১০টি গান।
বর্তমানে 'ধূন' রেকর্ডিং স্টুডিওতে এই অ্যালবামের জন্য নির্বাচিত গানগুলো নতুন করে রেকর্ডিং করা হচ্ছে। তবে গানগুলোকে মোটেই রিমেক করা হচ্ছে না। জানালেন টিপু।
তিনি বলেন, "গানগুলোর সুর ও যন্ত্রের ব্যবহার একই রেখে শুধু নতুন করে রেকর্ডিং করা হচ্ছে। প্রায় নব্বই ভাগ কাজ শেষ। তবে ব্যান্ডের সবার সিদ্ধান্ত ছাড়া আমি বলতে পারছিনা অ্যালবামটি বাংলাদেশ ও ভারতের কোন কোন প্রতিষ্ঠান প্রকাশ করবে। নতুন প্রজন্মের কাছে ওয়ারফেইজ এর জনপ্রিয় গানগুলোর পূনরুজ্জীবিত করার লক্ষেই আমাদের এই প্রয়াস।"
বেস্ট অফ ওয়ারফেইজ অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে - অবাক ভালবাসা, নেই প্রয়োজন, মহারাজ, স্বাধীকার প্রভৃতি।
ওয়ারফেইজ এর সর্বশেষ অ্যালবাম মহারাজ প্রকাশিত হয় ২০০৩ সালে।
এই ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে - মিজান (ভোকাল), কমল (গিটার ও ব্যাক ভয়েস), শামস (কিবোর্ড ও ব্যাক ভয়েস), রজার (বেস গিটার ও ব্যাক ভয়েস), অনি (গিটার ও ব্যাক ভয়েস) এবং টিপু (ড্রামস ও পারকাশন)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/ওএস/এমআইআর/১৯৫৮ঘ.
bdnews24