মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ১৫ মার্চ থেকে মানিকগঞ্জে ৫২ পর্বের ধারাবাহিক 'জাগরনী সংঘ' নাটকের শুটিং শুরু হচ্ছে। এক ঝাঁক শিল্পীদের সঙ্গে এই নাটকে এবার যোগ দিলেন গায়ক আগুন। তবে অভিনেতা হিসেবে নয়, গায়ক হিসেবে।
প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমানের এই ছেলে 'জাগরনী সংঘ' নাটকের শীর্ষ সঙ্গীতটি গাইলেন। গানটির সুর ও সঙ্গীত করেছেন শিহাব রিপন। লিখেছেন পরিতোষ।
আগুনের সঙ্গে এই গানে কণ্ঠ দেবেন আরও একজন গায়িকা। তবে কে গাইবেন তা এখনও ঠিক হয়নি বলে জানালেন ধারাবাহিকটির পরিচালক সুরঞ্জিত সরকার লিটু।
নাটকের শীর্ষ সঙ্গীত গাওয়ার ব্যাপারে আগুন বলেন, "আসলে আমিতো গানের মানুষ। তাই নাটকে অভিনয়ের চাইতে গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর আগেও আমি বেশ কয়েকটি নাটকের শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দিয়েছি।"
আগুন যেসব নাটকে সূচনা সঙ্গীত গেয়েছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো - তিন পুরুষ, ব্ল্যাক এন্ড হোয়াইট, ছায়া বীথি তলে, মেঘ রং মেয়ে ইত্যাদি।
প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী নিলুফার ইয়াসমীনের এই ছেলে গায়ক হলেও বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। আলোচিত নাটকগুলো হল - রঙের মানুষ, ব্ল্যাক এন্ড হোয়াইট, অ্যালবাট্রস, মনের জানালা প্রভৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/ওএস/এমআইআর/২৩৩৪ঘ.
bdnews24