মার্চ ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- গত বছর বলিউডের চারটি ছবি সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে নির্মিত হয়। ছবিগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, মিশন ইস্তাম্বুল, আমির এবং মুম্বাই মেরি জান। প্রায় সবগুলো ছবি ২০০৬ সালে মুম্বাইতে ট্রেনে বোমা হামলার উপর ভিত্তি করে তৈরি।
তবে ছবিগুলোতে শুধুমাত্র সন্ত্রাসীদের দোষগুলো ফুটিয়ে না তুলে তাদের মানবিক দিকগুলোও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
চিত্র পরিচালক রাজ কুমার রয়টার্সকে জানান, "মানুষ শুধুমাত্র সন্ত্রাসী কর্মকান্ডকে বড় করে দেখে। কিন্তু তাদের সবাই ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী কর্মকান্ডে অংশগ্রহণ করে না। কেউ কেউ বাধ্য হয়ে কিংবা পরিবেশ-পরিস্থিতির চাপে পড়েও এসব কাজে জড়িয়ে পড়ে। তাই ছবির মাধ্যমে আমরা এসব ব্যাপার ফুটিয়ে তুলতে চেয়েছি। কেউ নিজের অনিচ্ছায় বাধ্য হয়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েছে এটা বুঝতে পারলে তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করা উচিত।"
আমির ছবির পরিচালক বলেন, "সন্ত্রাসীদের আবেগ ও মানবতাবোধ আছে। মানুষের উচিত সে ব্যাপারে সচেতন হওয়া। আমার ছবির মূল বিষয়বস্তু হচ্ছে কীভাবে একটি মানুষ সন্ত্রাস সম্পর্কে সঠিকভাবে না জেনে ফাঁদে পড়ে সন্ত্রাসী কর্মকান্ড করে।"
সুভাষ ঘাইয়ের ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট নয়া দিল্লীতে সংগঠিত একটি আত্মঘাতী হামলাকে ভিত্তি করে তৈরি। ছবিটি ৭ মার্চ মুক্তি পায়। এছাড়া অপূর্ব লখিয়া আন্তর্জাতিক সন্ত্রাসীদের উপর ভিত্তি করে তৈরি করেন মিশন ইস্তাম্বুল। এবং নিশিকান্ত কামাট মুম্বাইতে ট্রেন হামলায় ১৮৭ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে তৈরি করেন মুম্বাই মেরি জান ছবিটি।
পরিচালকদের ধারণা, তাদের ছবিগুলো সন্ত্রাসী ঘটনায় আহত বা নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে সক্ষম হবে।
মুম্বাইতে এক অনুষ্ঠানে লখিয়া বলেন, "যে কোন সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপকতা অনেক বেশি। এর কারণে আক্রান্ত ব্যাক্তি, তাদের পরিবার এবং যারা এই সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সবাইকে চরম পরিণতি স্বীকার করতে হয়।"
তিনি আরও বলেন, "আপনি কখনো সুনিশ্চিত করে বলতে পারবেন না যে কোন একদল ঠিক এবং অন্য দল বেঠিক। যারা সন্ত্রাস মুলক কাজ করে তারা মনে করে যে, তারা ঠিক কাজটিই করছে।"
ছবিগুলোর মাধ্যমে কোন নির্দিষ্ট সংগঠনকে দায়ী করার চেষ্টা করেননি পরিচালকরা । তবে এ ধরনের ঘটনার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সচেতন করার চেষ্টা করা হয় ছবিগুলোতে।
সুভাস রয়টার্সকে বলেন, ছবিতে কোন নির্দিষ্ট দলকে দায়ী না করে বরং তাদের সন্ত্রাসী চেতনার ভিত্তিমূলে আঘাত করা উচিত। তাদেরকে বুঝানো উচিত, তারা যা করছে তা ঠিক নয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/২৩৩১ঘ.
bdnews24