মার্চ ১২ (বিডিনিউজটোয়েন্টিফোর) -- পাকিস্তানের সাবেক ক্রিকেট কোচ এর মৃত্যু নিয়ে বিতর্ক থাকুক বা না থাকুক ভারতীয় চলচ্চিত্রকার কুনাল দেশমুখ তার ছবিতে বিষয়টিকে বেশ চাঞ্চল্যকরভাবেই তুলে ধরবেন বলে ঠিক করেছেন। 'জান্নাত' নামের এ ছবিতে বব উলমারের চরিত্র রুপায়ন করবেন রিচার্ড বার্টন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের এই খন্ডকালীন মঞ্চাভিনেতা উলমারের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
জান্নাত ছবিটি তৈরি হচ্ছে ক্রিকেট জগতের সবচেয়ে বিতর্কিত বিষয় বেটিং বা বাজী নিয়ে। ছবিতে রিচার্ডকে বব উলমারের মতো করেই উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দেশমুখ। অভিনয়ের দক্ষতা ছাড়াও খন্ডকালীন কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতাও রয়েছে রিচার্ডের। তাকে নির্বাচন করার এটাও একটা কারণ, বলেছেন কুনাল।
২০০৭ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় পাকিস্তানের পরাজয়ের পর রহস্যজনকভাবে মারা যান বব উলমার। উলমারের পরিবারের লোকজন অবশ্য মনে করেন না যে তাকে খুন করা হয়েছে।
ছবিতে তার মৃত্যু কীভাবে দেখানো হবে এখন সেটাই দেখার বিষয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৪২ঘ.
bdnews24