মুম্বাই, মার্চ ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- গত কয়েক বছর ধরে বলিউডে নারী চলচ্চিত্রকারদের সংখ্যা বাড়লেও নারী ইস্যুগুলি যথার্থভাবে মূর্ত হয়ে ওঠেনি বলিউড চলচ্চিত্রে।
'ম্যায় হুঁ না' ও 'ওম শান্তি ওম' এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা ফারাহ খান এর মতো আরও কিছু নির্মাতা ভারতে চলচ্চিত্র পরিচালনার কাজে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। এদের মধ্যে আছেন রীমা কাগতি, তনুজা চন্দ্রা ও রেবতী মেনন।
ভারতে জন্ম নেওয়া প্রবাসী চলচ্চিত্রকার দীপা মেহতা ও মীরা নায়ারও দেশের জন্য গর্ব বয়ে এনেছেন। খুব শিঘ্রই সুস্মিতা সেন, জয়া আখতার ও নীলিমা আজমি পরিচালকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন।
ঝানু নির্মাতা কল্পনা লাজমী ও অপর্ণা সেনের কথা বাদ দিলে ভারতে এমন নারী চলচ্চিত্রকারের সংখ্যা খুবই কম যারা নারীদের ইস্যুগুলি ছবিতে নিয়ে আসেন।
বলিউড ঐতিহাসিক ডেরেক বোস রয়টার্সকে বলেন, "এরা খুবই বিভ্রান্ত। এদের সবাই চায় নারীবাদী হতে এবং তারা দাবী করে যে তারা নারী বিষয়ে খুবই স্পর্শকাতর। কিন্তু শেষমেশ তারা খুবই ভাসাভাসা জগাখিচুরি একটা ছবি তৈরি করে।"
তিনি বলেন, "এই সময়ের নারী চলচ্চিত্রকারদের মধ্যে অপর্ণা সেন বা কল্পনা লাজমীর মতো নারীবাদী দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া যায় না।"
রোমান্টিক কমেডি 'হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড' এর পরিচালক কাগতি স্বীকার করেন যে, বর্তমানে নারী ইস্যুতে সংবেদনশীল ছবির সংখ্যা আসলেই কমে গেছে।
কাগতি বলেন, "আগে নারী চলচ্চিত্রকাররা নারীদের বিষয়, তাদের আবেগ ইত্যাদি নিয়ে ছবি তৈরি করতো। কিন্তু এখন দৃশ্যটা বদলে গেছে। এ ধরনের ছবি এখন নিশ্চিতভাবেই কম তৈরি হচ্ছে।"
"এর কারন এটা নয় যে নারী ইস্যু নিয়ে ছবি করলে সেটা বানিজ্যিকভাবে লাভবান হবে না। কিন্তু নারীদের নিয়ে ছবি করতে হলে পুরোপুরি বিষয়কেন্দ্রীক হয়ে কাজ করতে হবে।" বলেন তিনি।
ভারতীয় চলচ্চিত্র যে নারী চলচ্চিত্রকারদের মেনে নিতে পারছে না, বিষয়টা তাও নয়। 'মিত্র- মাই ফ্রেন্ড' ছবির পরিচালক রেবতী মেনন বলেন, "ইন্ড্রাস্ট্রিতে কোন পক্ষপাত নেই। অন্য যে কোন পুরুষ পরিচালকের মতোই সমান সুযোগ সুবিধা পাই আমি এখানে।"
কাগতিও স্বীকার করেন, "আমাদের চলচ্চিত্র শিল্প খুবই সহযোগিতামূলক। স্রেফ নারী বলে আপনাকে কেউ তুচ্ছতাচ্ছিল্য করবে না এখানে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৪৭ ঘ
bdnews24