মুম্বাই, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- চলচ্চিত্রের কাজ শুধু বিনোদন দেওয়া নয়, মানুষকে শিক্ষিত করে তোলাও -- উপলদ্ধি করেছেন সুনীল শেঠী। সুতরাং বলিউড মাসলম্যান সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই শহরকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে শিক্ষিত করে তোলার জন্য একটা চলচ্চিত্র তৈরি করবেন।
'মুম্বাই চকাচক' নামের এই কমেডি ধারার ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন রাহুল বোস। ছবিতে মুম্বাইয়ের মিউিনিসিপ্যালিটির প্রায় অর্ধশত কর্মী অংশ নেবে।
এ প্রসঙ্গে রয়টার্সকে শেঠী বলেন, "এই ছবিতে দেখানো হবে যে নগর কর্তৃপক্ষ শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য হাস্যকর তবে মহৎ অনেক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে নগরবাসীকে এ ব্যাপারে শিক্ষিত করার জন্য।"
তিনি বলেন, "কর্তৃপক্ষের ক্রমাগত অনুরোধের পরও আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখার কথা ভুলে যাই। যে শহর থেকে আমরা অনেক কিছু পাই, কিন্তু বিনিময়ে তাকে কিছু দেওয়ার কথা আমাদের মনে হয় না।"
১ কোটি ৯০ লাখ মানুষের শহর মুম্বাইয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষে তৈরি ছবিটির প্রযোজক সুনীল শেঠী জানান যে, ছবিটি প্রামাণ্যচিত্র হবে না। ৪৮ বছর বয়স্ক বলিউড অভিনেতা বলেন, " এরকম বিষয় নিয়ে বানানো ছবি যদি প্রচারণাধর্মী হয় তাহলে লোকে তা দেখবে না এবং মানুষকে সংবেদনশীল করে তোলার যে লক্ষ্য নিয়ে আমরা কাজটা করছি তা ভেস্তে যাবে।"
মার্চে 'মুম্বাই চকাচক' ছবির শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১০৫৮ ঘ
bdnews24