২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও হাসপাতালে সুচিত্রা সেন

লোকচক্ষুর অন্তরালবর্তী বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কোলকাতার এক নার্সিং হোমে সোমবার ভর্তি হন কিংবদন্তীতুল্য এই অভিনেত্রী। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লোকচক্ষুর অন্তরালবর্তী বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কোলকাতার এক নার্সিং হোমে সোমবার ভর্তি হন কিংবদন্তীতুল্য এই অভিনেত্রী। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার। বেলে ভ্যু ক্লিনিকে ভর্তি হওয়া নায়িকা সম্পর্কে সেখানের প্রধান নির্বাহী প্রদীপ ট্যান্ডন জানান, "সোমবার রাতে চেস্ট ইনফেকশন ও শ্বাসকষ্ট নিয়ে ক্লিনিকে ভর্তি হন সুচিত্রা সেন। তার চিকিৎসা চলছে এবং তাতে তিনি ভালো সাড়া দিচ্ছেন। এখন তার অবস্থা স্থিতিশীল ও স্বাভাবিক।" ট্যান্ডন জানান, "তার দরকারি সব পরীক্ষা করা হয়েছে। তিন সদস্যের একটি চিকিৎসক দল তার দেখভাল করছেন যার মধ্যে আছে ফিজিশিয়ান সুব্রত মৈত্র। আমার মনে হয় না তাকে নিয়ে এখন ভয় পাওয়ার কিছু আছে। এ বছর শীতকালটা একটু প্রলম্বিত হয়েছে। আর ঋতু বদলের সময় বয়স্করা সাধারণত একটু অসুস্থ হয়ে পড়েন।" এক টিভি রিপোর্টে অবশ্য বলা হয় যে সেন তার বাসায় সিড়ি দিয়ে পরে গিয়েছিলেন। তবে বেলা ভ্যু'র কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেনি। গত বছর অক্টোবরে প্রচন্ড জ্বর নিয়ে সুচিত্রা সেন এক নার্সিং হোমে ভর্তি হন। বেলা ভ্যু নার্সিং হোমে নিকটাত্মীয় ছাড়া আর কেউ অভিনেত্রীকে দেখতে যেতে পারবেন না বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনও চলচ্চিত্রে অভিনয় করতেন। মুনমুনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন বর্তমানে বলিউডে অভিনয় করছেন। ১৯৫০ ও '৬০ এর দশকে বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেন এই বাঙালি অভিনেত্রী। ২৫ বছরের চলচ্চিত্র জীবন শেষে তিনি ১৯৭৮ সালে একেবারেই লোকচক্ষুর অন্তরালে চলে যান। এর পর থেকে ভারতীয় চলচ্চিত্রের গ্রেটা গার্বো বলে পরিচিত সেনের ধারে কাছে গণমাধ্যম ভিরতে পারেনি। দক্ষিণ কোলকাতায় তার নিজস্ব অ্যাপার্টমেন্টে বাস করেন এই অভিনেত্রী। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২২০০ঘ.