ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নাট্য পরিচালক কায়সার আহমেদ একসঙ্গে ছয়টি ধারাবাহিক তৈরি করছেন। এর মধ্যে গীতালি হাসানের রচনায় 'ফিরে দেখা' চ্যানেল আই এবং রিজওয়ান খানের রচনায় 'অচেনা আপন' নাটকটি চ্যানেল ওয়ানে প্রচারিত হচ্ছে।
১ মার্চ ও ১ এপ্রিল থেকে এই পরিচালকের আরও দুটি ধারাবাহিক শুরু হবে একুশে টেলিভিশনে। নাটক দুটি হচ্ছে হাফিজ রেদু রচনায় 'টমটম' ও ইসহাক খানের রচনায় 'একে শূন্য দশ'।
এই নাটকগুলো ছাড়াও কায়সার আহমেদ আরও দুটি ধারাবাহিক এর শুটিং করবেন ২৮ ও ২৯ ফেব্র"য়ারি থেকে। এই দুটির একটি হচ্ছে আফতাব বিন তমিজের রচনায় 'আপন ঘরে বসবাস' ও অন্যটি হচ্ছে রওনক হাসানের রচনায় 'মন যখন এমন'।
একসঙ্গে আধ ডজন ধারবাহিক নির্মাণ প্রসঙ্গে কায়সার আহমেদ বলেন, "আমার প্রত্যেকটি কাজের জন্য আগেই সময় ঠিক করে রাখি। যে কারণে একটার জন্য আরেকটা কাজে কোন সমস্যা হয় না। তাছাড়া শিল্পীরাও আমার কাজের কৌশল সম্পর্কে জানেন। তাই তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাটুকু পাই।"
এই ছয়টি ধারাবাহিকের শুটিং শেষ হলেই কায়সার আহমেদ বিশ্ব বিখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী নাটক 'নোরা' নিয়ে ২৬ পর্বের ধারাবাহিক নির্মাণে হাত দিবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২১৫৪ঘ.
bdnews24