ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ছবির চিত্রনাট্য পরিবর্তন করতে বললেন পরিচালককে। মধুর ভান্ডারকারের নতুন ছবি 'ফ্যাশন' এর শেষের অংশটুকু নিয়ে আপত্তি তুলে প্রিয়াঙ্কা চিত্রনাট্য পরিবর্তন করতে অনুরোধ জানান। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ছবির শেষ দৃশ্যের অংশটুকু প্রায় জোর করেই পরিবর্তন করলেন প্রিয়াঙ্কা। একটি সূত্র জানায়, প্রথমে এই ছবিতে বিপাশা বসু এবং পরে কারিনা কাপুরকে নেওয়ার কথা ছিল। তবে তাদের সঙ্গে বনিবনা না হওয়া নেয়া হয় প্রিয়াঙ্কাকে। এখন প্রিয়াঙ্কাই ছবির চিত্রনাট্য নিয়ে আপত্তি তুললেন। যাই হোক ছবির সমাপ্তির অংশটুকু নায়িকার জন্য সুবিধাজনক না হওয়ায় পরিচালক নতুন করেন চিত্রনাট্য লিখছেন।
তো কী পরিবর্তন করতে বললেন প্রিয়াঙ্কা? ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, "আসল চিত্রনাট্যে ছিল ছবির নায়িকার সঙ্গে অনেক পুরুষের সম্পর্ক থাকে। ছবির শেষ দৃশ্যে দেখা যায় নায়িকা অন্তঃসত্বা হয়ে গেছে। তবে এই নিয়ে নায়িকার কোন মাথা ব্যাথা নেই। আর এখানেই আপত্তি প্রিয়াঙ্কার। তিনি মনে করেন এই দৃশ্যে অভিনয় করলে প্রিয়াঙ্কার জনপ্রিয়তায় ক্ষতি হবে।"
তবে আরেক সূত্র জানায়, ছবির কাহিনীর গাঁথুনি আরও পোক্ত করার জন্য ইতিমধ্যেই ছয়বার চিত্রনাট্য পরিবর্তন করা হয়েছে। পরিচালক মাধুর এখনও ছবির সমাপ্তির অংশটুকু চূড়ান্ত করেন নি। তাই প্রিয়াঙ্কার চিত্রনাট্য পরিবর্তন করতে বলার ঘটনাটি সত্যি নয়।
সূত্রটি আরও জানায়, মধুর সেই ধরনের পরিচালক যে নায়িকার কারণে নয়, ছবির কারণে চিত্রনাট্য পরিবর্তন করেন। তার 'পেইজ থ্রি' ছবিতেও এরকম হয়েছিল। তিনি ছবির কারণে করিনাকে বাদ দিয়ে কঙ্কণাকে নিয়ে ছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২১৯ঘ.
bdnews24