২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মৃত্যুর পর প্রথম ছবি 'অবুঝ শিশু'

চিত্র নায়ক মান্নার মৃত্যুর পর প্রথম ছবি হিসেবে ২২ ফেব্র"য়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে 'অবুঝ শিশু' চলচ্চিত্রটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন ছবিটি ব্যবসায়ের দিক থেকে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে। আর এর কারণ মান্নার হঠাৎ বিদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- চিত্র নায়ক মান্নার মৃত্যুর পর প্রথম ছবি হিসেবে ২২ ফেব্র"য়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে 'অবুঝ শিশু' চলচ্চিত্রটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন ছবিটি ব্যবসায়ের দিক থেকে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে। আর এর কারণ মান্নার হঠাৎ বিদায়। ১৬ রিলের ট্র্যাজিডি পূর্ণ এই ছবিটির গল্প লিখেছেন আব্দুল আউয়াল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শফিকুল ইসলাম ভৈরবী। মান্না ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন - মৌসুমী, রেসী, দিঘী, কাজী হায়াৎ, আব্দুল্লাহ বাকী, নবাগত পিন্টু ও রজনী। পরিচালক সূত্রে জানা যায়, হল মালিকদের কাছে ছবিটির চাহিদা অনেক। ২২ ফেব্র"য়ারি সারা দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে ঢাকায় মুক্তি পাচ্ছে ১২টি প্রেক্ষাগৃহে। উল্লেখযোগ্য হলগুলো হল বলাকা, অভিসার, এশিয়া, জোনাকী, সনি ও পূর্ণিমা। ছবি সম্বন্ধে বিডিনিউজটোয়েন্টিফোরডটকম কে জানাতে গিয়ে পরিচালক শফিকুল ইসলাম ভৈরবী কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, "আমি কী বলবো ! বলার মত কোন ভাষা আমার নাই। শুধু মান্না ভাইয়ের একটি কথাই মনে পড়ছে। তিনি ছবির গল্প পড়ে বলে ছিলেন, ভৈরবী এত আবেগ প্রবণ গল্প দর্শক সহ্য করতে পারবে তো! বিশ্বাস করেন মান্না ভাইয়ের নিথর দেহটা দেখার সময় এই কথাটাই ঘুরে ফিরে মনে হয়েছে। এখন আমি বলি-এই ছবি না হয় অনেক দর্শক দেখতে যাবেন, কিন্তু ছবিতে মান্নাকে দেখে কি দর্শকরা সহ্য করতে পারবেন! বিশ্বাস করতে পারবেন মানুষটি নেই! আমিতো এখনও বিশ্বাস করতে পারছি না। আল্লাহ্ তাকে বেহেশতে নিক - এই দোয়াই করি। আর মান্না ভাইয়ের ভক্তদের বলতে চাই অশ্লীল ছবি বিরোধী এই নায়কের কথাটা মনে করে একবার হলেও হলে গিয়ে ছবিটি দেখে আসুন।" প্রয়াত এই নায়কের আরও একটি ছবি মুক্তি পাবে ২৯ ফেব্র"য়ারি। ছবিটির নাম 'কঠিন পুরুষ'। পরিচালক ভৈরবী বলেন, 'মান্নার হাতে এত কাজ ছিল যে, নতুন ছবিতে তাকে নেওয়ার জন্য ২০১০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হত।" বিভিন্ন প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী - মৃত্যুর আগে অভিনয়ের জন্য মান্না প্রায় দুই ডজন ছবিতে চুক্তি বদ্ধ হন। এছাড়া কাজ চলছিল এরকম ছবির সংখ্যা আনুমানিক ১২টি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/ওএস/২১৫৩ঘ.