জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- সাফল্যের কিছু বিড়ম্বনাও আছে। সাফল্যকে ধরে রাখতে না পারার উৎকণ্ঠা তার একটি। এই বিড়ম্বনাতে ভূগছেন এখন ভারতের অন্যতম সঙ্গীতকার এ আর রহমান। ব্যর্থতার ভয় তাড়া করে, জানিয়েছেন তিনি। তার মতে, সুনামের গায়ে আঁচড় কাটার জন্য একটি খারাপ কাজই যথেষ্ট। আর সাফল্যের সঠিক মূল্যটাও তিনি ভাল করেই বোঝেন।
১৯৯২ সালে 'রোজা' ছবির সুরকার হিসেবে খ্যাতির স্বাদ পেতে শুরু করেন এ আর রহমান। বৈচিত্রপূর্ণ সুর তৈরির জন্য পরিচিত রহমান গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গীত জগতে অনেক নতুন বাদ্যযন্ত্র এবং নতুন ধরনের সুর উদ্ভাবন করে নিজেকে অন্য রকম উচ্চতায় নিয়ে গেছেন।
তবে প্রথম বা দ্বিতীয় স্থান নিয়ে ভাবেন না এ আর রহমান। তিনি এমন সুর সৃষ্টি করতে চান যা সবার কাছে গ্রহণযোগ্য হবে আর
অন্তত ১৫ বছর মানুষ তা মনে রাখবে।
এক যুগেরও বেশী সময় ধরে বিভিন্ন ধরণের যন্ত্র ব্যবহার করে অমর কিছু সুর তৈরি করেছেন এই শিল্পী।
২০০৮ সালে বেশ কিছু বড় কাজ নিয়ে এগুচ্ছেন এ আর রহমান। এরমধ্যে আশুতোষ গোয়ারিকরের বহুল আলোচিত 'যোধা আকবর' সহ সুভাষ ঘাইয়ের 'যুবরাজ', রাকেশ মেহরার 'দিল্লী সিক্স' এবং আমির খান অভিনীত 'গজিনী' উল্লেখযোগ্য।
তবে রহমান নিজে তামিল পরিচালক শংকরের কল্পবিজ্ঞানধর্মী ছবি 'রোবোট' এর সুর করার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী। কারণ এ চলচিত্রটি ভবিষ্যতকালের মানুষদের নিয়ে তৈরি হবে। আর এর আগে ভবিষ্যতের পৃথিবীর মানুষদের জন্য তিনি কোন সুর করেন নি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএন/ওএস/এমআইআর/২০৪৩ঘ.
bdnews24