জানুয়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ৪০ কিলোমিটার দূরের বারাবাঙ্কি জেলায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার নামে এক কলেজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সমাজবাদী পার্টির নেতা অমর সিং সহ ৪টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা কংগ্রেস ও বিজেপির বাইরে একটি 'থার্ড ফ্রন্টে'র সম্ভাবনার কথা উল্লেখ করেন। রবিবার শ্রীমতি ঐশ্বরিয়া বচ্চন কন্যা মহাবিদ্যালয় এর এই ভিত্তি প্রস্তর অনুষ্ঠান হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্য মন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্য মন্ত্রী ফারুক আবদুল্লাহ এ ব্যাপারে সতর্কভাবে তাদের বক্তব্য পেশ করলেও হরিয়ানার ওম প্রকাশ চৌতালা পষ্ট করেই বলেছেন, "আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দিল্লীর শাসনভার নেওয়া। এ ব্যাপারে আমাদের বন্ধু অমর সিং অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।"
নাইডু তার বক্তব্যে বলেন, "এখন অমিতাভ বচ্চনের মতো কাউকে এগিয়ে এসে সামাজিক পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করতে হবে।"
বচ্চন অবশ্য খোলাখুলি জানিয়ে দিয়েছেন, "কোন আন্দোলনে নেতৃত্ব দেয়ার জন্য আমি প্রস্তুত নই। তবে এ ধরনের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে আমার কোন আপত্তি নেই।"
তারপরও অমর সিং বলেছেন, " আপনার মধ্যে মানুষের মন জয় করার যে অসাধারণ ক্ষমতা আছে সেটা আপনার উপলদ্ধি করা উচিত। আপনি মানুষকে রক্ত দান করার জন্য উদ্ধুদ্ধ করেছেন। আপনার প্রচারণার ফলেই অনেকে শিশুদের জন্য পোলিও খাওয়ানোর গুরুত্ব উপলদ্ধি করতে পেরেছে।"
তিনি বলেন, "এমনকী সমাজবাদী পার্টির প্রধান মুলায়াম সিং যাদবও নাইডুর পরামর্শের সঙ্গে একমত হয়ে বলেছেন যে আপনার একটা আন্দোলনে এগিয়ে আসা উচিত।"
উত্তর প্রদেশের মুখ্য মন্ত্রী যাদব সিং বচ্চনকে একই পরামর্শ দেন। তিনি বহুজন সমাজ পার্টি সরকার ও তাদের নেতা মায়াবতীর সমালোচনা করে বলেন যে, তারা সমাজবাদী পার্টির নেতা কর্মীদের নাজেহাল করছে।
আবদুল্লাহ অবশ্য তার বক্তব্যে কেবল সমাজে নারী শিশুদের যে নিগ্রহের শিকার হতে হচ্ছে সে বিষয়ে আলোকপাত করেন। মেয়েদের জন্য কলেজ প্রতিষ্ঠার জন্য অমিতাভের প্রশংসা করে তিনি অনুরোধ করেন যেন ভবিষ্যতে ঐশ্বরিয়া এই উদ্যোগের সঙ্গে জড়িত থাকেন।
ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চনও বলেন, এই কলেজের সুবাদে ঐশ্বরিয়া ঘন ঘন দৌলতপুরে আসবে এবং এ কলেজের উজ্জল ভবিষ্যত নিশ্চিত করবে আশা করি।
সমাজবাদী পার্টির এমপি জয়া জানান যে, যদিও কলেজটি একটি ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে প্রস্তাব করা হয়েছে। তবে আগামীতে এটিকে একটি ডিগ্রি কলেজে উন্নীত করা হবে বলে আমি আশা করি।
কলেজটি ব্যবস্থাপনার কাজে নিয়োজিত থাকবে নিষ্ঠা ফাউন্ডেশন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৪২ ঘ
bdnews24