জানুয়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সঙ্গীতে হালের জনপ্রিয় গায়ক হাবিবের দ্বিতীয় একক অ্যালবাম 'বলছি তোমাকে' তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান 'এইচডব্লিউ' থেকে আসছে না। কারণ অ্যালবামটি প্রকাশ করার দায়িত্ব পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান 'সঙ্গীতা'।
হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ এই খবরের সত্যতা স্বীকার করে জানান, ২১ জানুয়ারি রাত ১০টায় হাবিবের ধানমন্ডির বাড়িতে হাবিব ও সঙ্গীতার মধ্যে দ্বিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় সঙ্গীতার পক্ষে প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খাঁন, ব্যবস্থাপক দেলোয়ার আরজুদা শরফ, মিডিয়া সমন্বয়কারী মেহরাজ মিঠু এবং হাবিবের পক্ষে তার ব্যাক্তিগত সচিব মোশাররফ হোসেন, বাবা ফেরদৌস ওয়াহিদ, হাবিব নিজে ও একজন আইনজীবি উপস্থিত ছিলেন।
গত এক মাস ধরে হাবিবের দ্বিতীয় একক অ্যালবামটি প্রকাশের জন্য দেশের শীর্ষস্থানীয় প্রায় সকল প্রযোজনা প্রতিষ্ঠানগুলোই উঠে পড়ে লেগেছিল। অবশেষে হাবিবের যাবতীয় শর্তাবলী ও সম্মানীর অংক মেনে নিয়ে অ্যালবামটির অডিও, সিডি, ডিভিডি, ভিডিও ও স্পন্সর সত্ত্ব পেল সঙ্গীতা।
ফেরদৌস ওয়াহিদ বলেন, "হাবিবের 'বলছি তোমাকে' অ্যালবামটি দিয়ে আমাদের প্রযোজনায় আসার কথা ছিল। শেষ পর্যন্ত হাবিবের সব শর্ত মেনে নিয়ে এবং সম্মানীর ত্রিশ লক্ষ টাকা দিয়ে দেয়ার কারণেই সঙ্গীতা থেকে অ্যালবামটি প্রকাশ হতে যাচ্ছে। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান 'এইচডব্লিউ' থেকে আসবে হাবিব ও আমার প্রথম দ্বৈত অ্যালবাম।"
'বলছি তোমাকে' অ্যালবামে থাকছে নয়টি নিটোল প্রেমের গান।
সুস্মিতা বিশ্বাস এই অ্যালবামের সবগুলো গান লিখেছেন।
অ্যালবামে হাবিবের সঙ্গে দুটি গানে সহ শিল্পী হিসেবে কাজ করেছেন ন্যান্সি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৩৭ঘ.
bdnews24