২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি সংঘের শান্তি দূত হলেন জর্জ ক্লুনি

জাতি সংঘের শান্তি দূত নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। ১৮ জানুয়ারি জাতি সংঘের মহাসচিব বান কি মুন ৪৬ বছর বয়স্ক এই অভিনেতার নাম ঘোষণা করেন শান্তি দূত হিসেবে। খবর মার্কিন একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ওয়াশিংটন, ১৯ জানুয়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- জাতি সংঘের শান্তি দূত নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। ১৮ জানুয়ারি জাতি সংঘের মহাসচিব বান কি মুন ৪৬ বছর বয়স্ক এই অভিনেতার নাম ঘোষণা করেন শান্তি দূত হিসেবে। খবর মার্কিন একটি ওয়েবসাইটের। জর্জ ক্লুনিকে দেয়া বান কি মুনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি ওয়েবসাইট জানায়, "উপদ্রুত এলাকায় যুদ্ধের ভয়াবহতা আপনি স্বচক্ষে দেখেছেন, অত্যাচার ও মানব যন্ত্রণা কমাতে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান।" ক্লুনি প্রধানত জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের অংশ হিসেবে শান্তির জন্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। জাতি সংঘের মুখপাত্র মাইকেল মন্টাস বলেন, "সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে ক্লুনি জাতিসংঘের আটটি শান্তি রক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন।" জর্জ ক্লুনি বেশ কয়েক বছর ধরেই মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন। কিছুদিন আগেও তিনি সুদানের দারফুরের মানবিক বিপর্যয় রোধের পক্ষে প্রচারণা চালান। ক্লুনি তার প্রতিক্রিয়ায় বলেন,"আমি এ নিয়োগের জন্য সম্মানিত বোধ করছি । বিশ্বব্যাপী যুদ্ধের ভয়বহতা এবং ধ্বংসাত্বক কার্য কলাপ রোধে, আমি জাতি সংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।" ক্লুনি আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন যা জাতি সংঘের একটি সর্বোচ্চ সম্মান। জাতি সংঘের অন্যান্য শান্তি দূতরা হচ্ছেন, ব্রাজিলের লেখক পাওলো কোয়েলহো, মার্কিন নোবেল বিজয়ী এলি উইজেল, জর্ডানের রাজকন্যা হায়া এবং হলিউড অভিনেতা মাইকেল ডগলাস। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/২১৪৫ঘ.