২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চড় মেরে মোটেই দুঃখিত নন গোবিন্দ

ভারতের সংসদ সদস্য ও অভিনেতা গোবিন্দ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, 'মানি হ্যায় তো হানি হ্যায়' ছবির শুটিংয়ে তিনি যে দর্শককে চড় মেরেছিলেন, সেটার জন্য তিনি মোটেই দুঃখিত নন। তবে এই ঘটনায় মিডিয়ায় হৈচৈ পড়ে গেলে তিনি একে বিরোধী দলের ষড়যন্ত্র বলে আখ্যা দেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের সংসদ সদস্য ও অভিনেতা গোবিন্দ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, 'মানি হ্যায় তো হানি হ্যায়' ছবির শুটিংয়ে তিনি যে দর্শককে চড় মেরেছিলেন, সেটার জন্য তিনি মোটেই দুঃখিত নন। তবে এই ঘটনায় মিডিয়ায় হৈচৈ পড়ে গেলে তিনি একে বিরোধী দলের ষড়যন্ত্র বলে আখ্যা দেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। ১৬ জানুয়ারি বুধবার 'মানি হ্যায় তো হানি হ্যায়' ছবির শুটিং চলাকালে বিরক্ত করার জন্য সন্তোষ রায় নামে এক দর্শককে থাপ্পড় মারেন গোবিন্দ। সন্তোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধু গোবিন্দকেই নয় সঙ্গে দুই মেয়ে শিল্পীকেও উত্যক্ত করছিলেন। এদিকে, গোবিন্দ যদি ক্ষমা না চান তাহলে সন্তোষ বিচারের জন্য আদালতে যাবেন বলে হুমকি দেন। গোবিন্দকে দোষারোপ করে 'শারীরিক ভাবে আহত' করার অভিযোগ দেখিয়ে সন্তোষ গোরিগায়ন থানায় একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনের (এফআইআর) জন্য আবেদন করেছেন। সেটা ৩২৩ ধারায় গোবিন্দর বিরুদ্ধে থানায় অর্ন্তভুক্ত করা হয়েছে। তবে গোবিন্দর এই থাপ্পড় মারার বিষয়টি তার দুজন মেয়ে সহশিল্পী সমর্থন করে জানান, সন্তোষ তাদেরকে উত্যক্ত করছিল। তাই গোবিন্দর এই থাপ্পড় মারাটা উচিত হয়েছে। একজন মেয়ে সহশিল্পী বলেন, "আমি আর একজন মেয়ের সঙ্গে যখন 'মানি হ্যায় তো হানি হ্যায়' ছবির শুটিংয়ে দাঁড়িয়ে ছিলাম, তখন সন্তোষ আমাদের পেছন থেকে ঠেলা দিচ্ছিল। যখন গোবিন্দর সামনেও সে এরকম করতে থাকে তখনই এই অভিনেতা তাকে আঘাত করেন। এদিকে গোবিন্দ আত্মপক্ষ সমর্থন করে জানান, তিনি যা করেছেন ঠিকই করেছেন। এর জন্য তিনি মোটেই দুঃখিত নন। এতে যদি ছবির প্রযোজক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হন, তবে বিনা পারিশ্রমিকে ওই শুটিং দৃশ্যটি তিনি আবার করে দেবেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন অভিনেতা বা সংসদ সদস্য হিসেবে কাজের ব্যর্থতা বা 'ফ্রাস্ট্রেশন' থেকে তিনি এরকম একটি কাজ করে বসেছেন কিনা? উত্তরে গোবিন্দ জানান, এখানে 'ফ্রাস্ট্রেশন' কোন ব্যপার নয়, 'আত্মরক্ষার' স্বার্থেই কাজটা করেছেন তিনি। তার এই ব্যাখ্যাকে উড়িয়ে দিয়ে বিজেপি নেতা ও গোবিন্দর নির্বাচনী এলাকার বিরোধী দলের প্রার্থী রাম নাইক, গোবিন্দকে অল্পতেই রেগে যাওয়ার মানুষ হিসেবে আখ্যা দিয়ে জি নিউজকে বলেন, "গোবিন্দ তার নির্বাচনী এলাকার কোন খোঁজখবর রাখেন না।" তিনি আরও জানান, বহুদিন গোবিন্দ স্থানীয় লোক সভায় উপস্থিত হন না। এর জন্য অনেকেই তার উপর রেগে আছেন। তার এলাকা 'মালাদ' এর লোকজনরা যখন নিদারুণ দুঃখ দুর্দশায় জীবন কাটায় তখনও তিনি এলাকায় গিয়ে মানুষদের পাশে দাড়ান না। রাজনীতির সাধারণ চাল হিসেবে অবহিত করে গোবিন্দ এই অভিযোগকে উড়িয়ে দেন। অভিনেতার ব্যাক্তিগত সচিব সহিস সিন্হা বলেন, "সন্তোষ পেছনে বসে গোবিন্দকে সারাক্ষণ বিরক্ত করছিল। হাঁটু দিয়ে গোবিন্দর বসার চেয়ারে ধাক্কা দিচ্ছিল। এমনকী গোবিন্দ যখন শুটিংয়ের ফাঁকে চেয়ারে এসে বসছিলেন তখনও ওই দর্শক হাঁটু দিয়ে চেয়ার ধাক্কানো থামাননি।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২১৪০ঘ.