জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)-- রাকিবুল আলম রকিবের পরিচালনায় 'অবাধ্য সন্তান' ছবিতে একজন ম্যাজিস্ট্রেটের অবাধ্য সন্তানের চরিত্রে অভিনয় করছেন আমিন খান। মরিয়ম মম প্রযোজিত ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছে।
আমিন খান সমাজের সন্ত্রাস ও দূর্নীতি দমনে নিজের হাতে আইন তুলে নেয়। তার বাবা তাকে বোঝাতে চেষ্টা করে আইন নিজের হাতে তুলে নেয়া একটি অপরাধ। একসময় আমিন খান বুঝতে পারে অপরাধ ঠেকাতে গিয়ে সে নিজেই একজন অপরাধী হয়ে গেছে।
এরকম গল্প নিয়েই এগিয়েছে 'অবাধ্য সন্তান' ছবির কাহিনী।
ছবিটির পরিবেশক রোয়েন ফিল্মসের কর্ণধার শাহবুদ্দিন কমল বলেন, "সেন্সর সার্টিফিকেট পেয়ে গেলে যত দ্রুত সম্ভব আমরা 'অবাধ্য সন্তান' দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেব।"
চিত্রনায়ক আমিন খান বলেন, "ছবিটির গল্পটি বেশ বৈচিত্রপূর্ণ। আামার কাছে ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।"
পরিচালক রাকিবুল আলম বলেন, "আমার সমস্ত শ্রম, মেধা দিয়ে 'অবাধ্য সন্তান' ছবিটি তৈরি করেছি। সুন্দর সামাজিক গল্প নির্ভর এই ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি বিশ্বাস করি।"
রকিবের পরিচালনায় রোজার ঈদে মুক্তি পাওয়া 'রিক্সায়ালার প্রেম' ছবিটি বেশ আলোচিত হয়।
আমিন খান ছাড়াও 'অবাধ্য সন্তান' ছবিতে আরও অভিনয় করেছেন - অমিত হাসান, ওমর সানী, নবাগতা সাগরিকা, সাদিয়া, রীনা খান সহ অনেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/১৯৩২ঘ.
bdnews24