২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সর বোর্ডে 'সমাধি'

প্রয়াত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের 'সমাধি' ছবির পুনঃনির্মান করলেন এসময়ের তরুণ পরিচালক জুটি শাহিন ও সুমন। ইতিমধ্যে তারা এই ছবির শুটিং, এডিটিং, ডাবিং সহ সব কাজ শেষ করেছেন। ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রয়াত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের 'সমাধি' ছবির পুনঃনির্মান করলেন এসময়ের তরুণ পরিচালক জুটি শাহিন ও সুমন। ইতিমধ্যে তারা এই ছবির শুটিং, এডিটিং, ডাবিং সহ সব কাজ শেষ করেছেন। ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। এ প্রসঙ্গে শাহিন-সুমন বলেন, "ছোটবেলায় এই ছবি দেখে স্বপ্ন দেখতাম আমরাও একসময় পরিচালক হব। পরিচালনা শুরু করার পর থেকেই আমাদের ইচ্ছা ছিলো 'সমাধি' ছবিটা পুনঃনির্মান করবো। সেই পরিকল্পনা থেকেই এটা করা। এর জন্য যথাযথ সব অনুমতি নিয়েই আমরা ছবিটি বানিয়েছি।" পুরানো 'সমাধি' ছবি থেকে নতুন 'সমাধি' ছবিতে কী পার্থক্য থাকছে জানতে চাইলে শাহীন বলেন, "ছবির অভিনেতা - অভিনেত্রীদের পরিবর্তনতো আছেই। তাছাড়াও বেশ কিছু টেকনিক্যাল পরিবর্তন আনা হয়েছে। যা দর্শক ছবি দেখলেই বুঝতে পারবেন। পুরনো 'সমাধি' ছবিটা দেখা থাকলে এই ছবি নানাভাবে উপভোগ করতে পারবেন দর্শক। তবে দেখা না থাকলেও ক্ষতি নেই। কাহিনীর গাঁথুনি এতটাই শক্ত যে, ছবিটা দেখে সবারই ভালো লাগবে আশা করি।" 'সমাধি' ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে বলে আশা করছেন পরিচালকদ্বয়। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, শাকিব খান, শাবনূর, মিশা সওদাগর সহ অনেকে। গত কোরবানীর ঈদে শাহিন-সুমন পরিচালিত 'এক বুক জ্বালা' ছবিটি মুুক্তি পায়। 'সমাধি' ছাড়াও এই পরিচালক জুটির 'সন্তান আমার অহংকার' ছবিটিও সেন্সর বোর্ডে জমা পড়েছে। এছাড়া ২৫ জানুয়ারি থেকে তারা নতুন ছবি 'কে আপন কে পর' এর শুটিং শুরু করবেন। এই ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন আব্দুল্লাহ জহির বাবু। সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/১৯৪৪ঘ.