জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রেসিডেন্ট হওয়ার বছর না ঘুরতেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, মডেল বান্ধবীকে নিয়ে অভিসার, বান্ধবীর অন্তঃসত্তা হওয়া...সব মিলিয়ে রীতিমতো শোবিজ তারকাদের ইমেজই গড়ে তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ব্যাপারটা জিনগত কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে তার বড় ছেলে পিয়েরে সারকোজি কান্ড কারখানায়। হিপ হপ প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ছেলে। ফরাসী এক পত্রিকার বরাত দিয়ে মার্কিনি এক ওয়েবসাইটে জানানো হয়েছে, 'মোজি' ছদ্মনামে কাজ শুরু করেছে ২২ বছর বয়সী প্রেসিডেন্ট-পুত্র।
নাম লুকানোর প্রয়োজন কেন পড়ল সেটা খোঁজ করতে গিয়ে জানা যায়, পিয়েরের বাবা মন্ত্রী থাকা অবস্থায় বহু মিউজিক-ট্রুপকে আদালতে নাকানি-চুবানি খেতে হয়েছে। এর কারণ ছিল মোজির গানের অসংলগ্ন কথা। ফলে বর্তমানে সঙ্গীতজগতে পিয়েরের অংশগ্রহণটা যে খুব প্রীতিকর হবে না তা বলাই বাহুল্য। বাধা কাটানোর জন্যই নাম নিয়ে এই লুকোচুরি।
র্যাপার 'পয়জনের' লা র্যু সহ বেশ কয়েকটি হিপ হপ রেকর্ডিংয়ে মোজি অংশ নিয়েছে বলে তার নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে।
এদিকে মোজি যে সারকোজির ছেলে এটা নাকি পয়জনের জানা ছিল না। তিনি বলেছেন, "ছয়-সাত মাস আগে একটা পার্টিতে মোজির সঙ্গে আমার পরিচয়। গানে তার আগ্রহ দেখে একত্রে কাজ করেছি। কিছুদিন পরে তার আসল পরিচয় পেতেই আমি কেটে পড়ি। অবশ্য মোজি নিজের দোষ স্বীকার করে বলেছে, পরিচয় দিলে কেউ হয়ত মেলামেশা করবে না সেই ভয়ে সে পরিচয় লুকিয়েছিল।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৯১১ঘ.
bdnews24