জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আামির খানের 'তারে জামিন পর' দেখে করণ জোহর এতোটাই বিমোহিত যে, তার বাবা হওয়ার শখ হয়েছে।
পড়তে শিখতে অক্ষম বাচ্চার কাহিনী নিয়ে তৈরি করা এই ছবিটি আমির খানের প্রথম পরিচালিত ছবি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ছবিটি দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে করণ বলেন, "ছবিটি শেষ হওয়ার পর দশ মিনিট আমি আসন থেকে নড়তে পারিনি। তখন আমি বাচ্চাদের মত ফোঁপাচ্ছিলাম। ছবির কাহিনীর মধ্যে আমি সাংঘাতিকভাবে ডুবে গিয়েছিলাম। বাচ্চাদের মন মানসিকতা বুঝে, তাদের ভিতরের কথা বের করে আনার গল্প নিয়েই এই চলচ্চিত্র। আর এটা দেখেই আমার বাবা হওয়ার ইচ্ছা জেগেছে।"
তিনি আরও বলেন, "যদিও আমি বিবাহিত না, বা আগেও বিয়ে করিনি, তারপরেও মাঝে মাঝে আমার বাবা হতে ইচ্ছে করত। তবে 'তারে জমিন পর' দেখে এখন আমার সত্যিই বাবা হতে ইচ্ছে করছে।"
শাহরুখ খানের অন্তরঙ্গ বন্ধু, ভক্ত করণ জোহরকে এই প্রথম অন্য কোন খানের এত প্রশংসা করতে শোনা গেল।
করণ আরও বলেন, "আমার বিশ্বাস হচ্ছে না এটা আমিরের প্রথম পরিচালিত ছবি। শিশু শিল্পী দারশীল সাফারি দারুণ অভিনয় করেছে। নিঃসন্দেহে 'তারে জমিন পর' ছবিটি এই সময়ে আমার দেখা সেরা ছবিগুলোর একটি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ ০০১০ঘ.
bdnews24