জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১২ জানুয়ারি ২০০৮ শনিবার সকাল ১১ টায় অন্যমেলার শুক্রাবাদ শো-রুমে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক। এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের নবনিযুক্ত মাননীয়া উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, দৈনিক যুগান্তর-এর সম্পাদক গোলাম সারওয়ার ও জাদুশিল্পী জুয়েল আইচ।
স্বাগত বক্তব্যে অন্যমেলার প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, "বাংলার রুপ, বাঙালির মেলা- এই স্লোগানকে ধারণ করে ফ্যাশন হাউজ অন্যমেলা দেশীয় ঐতিহ্যবাহী পোশাক নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।"
সৈয়দ শামসুল হক বলেন, "এখন পৌষের শেষ সময়। আবহমানকাল ধরে এসময় বাংলাদেশে পিঠার উৎসব হয়। অনমেলাও পিঠাকে সামনে রেখে একধরনের পৌষালি উৎসবের আয়োজন করেছে- যা সত্যিই প্রশংসনীয়।"
অন্যমেলার এই পিঠা উৎসবে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত অনেক মানুষ জড়ো হয়েছিলেন। ভাপা, পাটিসাপটা, নকশি, পুলি, দোল, রস, কাটা, চিতই, ডিম চিতইসহ নানা সুস্বাদু পিঠা খেয়ে যেমন তাদের রসনা তৃপ্ত হয়েছে, তেমনি নেত্রকোনার সুপরিচিত লোকসঙ্গিত শিল্পী ইসলাম উদ্দীন বয়াতি ও তার দলের বাউল গান শুনে মুগ্ধ হয়েছে সবাই।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/এমআইআর/১৭৪৫ ঘ
bdnews24