জানুয়ারি ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাইয়ের পর লন্ডনের মাদাম তুসোর মোমের জাদুঘরের দাঁড়াতে যাচ্ছেন সালমান খান। সালমান মোমের মূর্তি গড়তে খরচ হয়েছে এক দশমিক ৬২ কোটি রুপি। এটি গড়তে পাঁচজন শিল্পীর মোট ১২ সপ্তাহ সময় লেগেছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
মাদাম তুসোর মুম্বাই শাখা এবং ববি খান হোল্ডিংস এর প্রধান কার্য নির্বাহী ববি খান বলেন, "নির্মান শৈলীর দিক দিয়ে সালমানের মূর্তিটি অসাধারণ হয়েছে।"
ভাস্কর জেনি ফেইরি গত বছর চার সদস্যের দল নিয়ে মুম্বাই গিয়েছিলেন সালমানের দেহের মাপ নিতে। সালমান তাদেরকে পাঁচ ঘন্টা সময় দেন। এসময় দলের চিত্রগাহকরা সালমানের বিভিন্ন ভঙ্গির প্রচুর ছবি তোলেন যাতে মূর্তিতেও তার আসল অভিব্যক্তি ধরা পড়ে।
একটি সূত্র জানায়, সালমান তার শারীরিক মাপঝোঁকের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। তার দৈহিক সৌন্দর্য অসাধারণ এবং চোখ দুটিও আকর্ষণীয়। সালমান তার চুলের ব্যাপারেও ছিলেন অসম্ভব সতর্ক ও খুঁতখুতে।
যখন ভাস্কর দলটি সালমানের চুলের মাপ নিচ্ছিল তখন সালমান তাদের উদ্দেশ্যে বলেন, "সাবধান! আমার চুল কিন্তু দুর্লভ এবং মুল্যবান।" মূর্তিতে চুল প্রতিস্থাপন করতে সময় লেগেছে চার সপ্তাহ এবং চুলে রঙ করতে সময় লেগেছে পাঁচ দিন।
ভাস্কররা সালমানের মূর্তি গড়তে বিশেষভাবে তৈরি মোম এবং সিলিকন ব্যবহার করেছেন যাতে তার শরীরের পেশিগুলোকে বাস্তবের মতোই দেখায়। সালমানের দেহের সঠিক আকার দিতে ভাস্কর শিল্পীরাও যথেষ্ঠ সচেতন ছিলেন এবং এজন্য তারা অতিরিক্ত শ্রমও দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, সালমানের মূর্তিতে যে কাঁচের চোখ বসানো হয়েছে সে চোখের মণি লেজার রশ্মির মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে। যার ফলে চাহনিটাও বাস্তবের কাছাকাছি হয়েছে ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/১৯১১ঘ.
bdnews24