জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথম ছবি 'স্ক্রিপ্ট রাইটার' দিয়েই নজর কেড়েছিলেন বোদ্ধা ও সাধারণ দর্শকদের। এবার দ্বিতীয় ছবি 'ডিরেক্টর' এর কাজে হাত দিতে যাচ্ছেন কবি-গীতিকার কামরুজ্জামান কামু। ১১ জানুয়ারি ছবির শুটিং শুরু করবেন বলে জানান পরিচালক।
পরিচালক কামু জানান 'ডিরেক্টর' এর কাহিনী আবর্তিত হয়েছে এক নাট্য পরিচালককে কেন্দ্র করে। পরিচালক তার ছবি পরিচালনা করতে গিয়ে কিছু পারিবারিক সমস্যার মুখোমুখি হন। তার নির্মিত ছবিতে নায়ক-নায়িকার দাম্পত্য সংকট তার নিজের জীবনের সঙ্গে অদ্ভূতভাবে মিলে যায়।
'স্ক্রিপ্ট রাইটার' এর কাহিনীর সঙ্গে এই ছবির কাহিনীর কাঠামোতে ঐক্য রয়েছে কী না জানতে চাইলে কামু বলেন, "উপরে উপরে একটা মিল রয়েছে মনে হতে পারে। কিন্তু দুটো কাহিনীর ভিতরে পার্থক্য অনেক।"
এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম। তার স্ত্রীর চরিত্রে সুইটি ও শিশু কন্যার চরিত্রে অভিনয় করবেন অদ্রিকা। ছবির ভিতরের নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে বাপ্পী আশরাফ ও নাফিসা।
টাকশাল প্রযোজিত এ ছবির শুটিং হবে উত্তরা, কমলাপুর রেল স্টেশন ও ধানমন্ডির লেক সংলগ্ন এলাকায়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৫১ঘ.
bdnews24