সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ৬ বছর পর ব্যান্ড দল আখড়া ঈদে নিয়ে আসছে তাদের দ্বিতীয় অ্যালবাম 'পৃথক পৃথিবী'। মারজুক রাসেল, অনুরূপ আইচ ও আসাদের লেখা ১২টি গান সহ একটি ইন্সট্রুমেন্টাল নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
অ্যালবামের বেশিরভাগ গানের ধরন মেলোডি রক। গানের শিরোনাম 'এলোমেলো', 'পৃথক পৃথিবী', 'যাহাই জল তাহাই পানি' ইত্যাদি। সঙ্গীতার ব্যানারে অ্যালবামটি ঈদে বাজারে আসবে।
বেইজ গিটারিস্ট আওরঙ্গজেব বাবু, গীতিকার মারজুক রাসেলসহ অন্যদের নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু হয় আখড়া ব্যান্ডের। বর্তমানে অনুরূপ আইচ ব্যান্ডের নতুন সদস্য এবং ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন এরশাদুল হক টুটুল।
আখড়া ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন কিবোর্ড - আসাদ, ড্রামস - রুমি, লিড গিটার - রানা, রিদম ও গিটার - বাপ্পী এবং স্যাক্সোফোন - মার্কো।
উল্লেখ্য, আখড়ার প্রথম অ্যালবাম 'সখি তুমি কার' বের হয় ২০০১ সালে। অ্যালবামটি সে সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭১০ ঘ
bdnews24