সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের দত্ত পরিবার আবারো সংবাদে; তবে এবার আর জেল - জামিন নয়। বাবা - মা সুনীল দত্ত ও নার্গিস দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সঞ্জয়, নম্রতা এবং প্রিয়া দত্ত এক স্মৃতিকথা প্রকাশ করছেন।
দত্ত দম্পতিকে নিয়ে বইটি লেখা হয়েছে ইংরেজিতে। প্রকাশ করছে রোলি বুকস্ প্রাইভেট লিমিটেড। আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হবে চলতি মাসের শেষ নাগাদ। সুনীল - নার্গিস কন্যা প্রিয়া দত্ত সংবাদ মাধ্যমকে জানান আরো ব্যাপক পরিকল্পনার কথা, 'আমাদের পরিকল্পনা আছে বইটি উর্দ্দু, হিন্দি এবং বাংলায় প্রকাশের। কারণ আমার বাবা-মার ভক্তসংখ্যা বিশাল এবং বিভিন্ন ভাষাভাষীর, এটা আমরা জানি।'
তাছাড়া প্রিয়া দত্তের ভাষায় বইটি কেবলমাত্র জীবনীগ্রন্থই নয়, বইটি তাদের দৃষ্টিকোণ থেকে লেখা স্মৃতি সংকলনও বটে। বইটির পাঠকরা সুনীল- নার্গিস দম্পত্তির তারকা জীবন ও সামাজিক কর্মকান্ড ছাড়াও আরো অনেক অজানা কথা জানতে পারবে। পুত্র কন্যারা চাইছেন তাদের বাবা - মার তারকা খ্যাতির বাইরে সাধারণ জীবনটা সম্পর্কেও মানুষ জানুক।
বিগত আট মাস ধরেই বইটি সম্পূর্ণ করতে কাজ করছে দত্ত পরিবার। প্রিয়া দত্ত আরো জানান, আমরা বইটিকে একটু ব্যতিক্রমী ঘরানার করতে চেয়েছিলাম। কারণ কিশোর দেশাই ইতোমধ্যেই নার্গিস দত্তের জীবনী লিখেছেন।
বইটিতে স্থান পাচ্ছে দত্ত পরিবারের পারিবারিক এ্যালবামের বিভিন্ন ছবি। এছাড়াও স্থান পাচ্ছে সুনীল- নার্গিসকে নিয়ে লেখা দত্ত পরিবারের প্রবীণদের ডায়েরির বিশেষ কোন অংশ যাঁরা আরো ভালো করে জানতেন সুনীল - নার্গিস দম্পতিকে। এই পর্দা কাঁপানো দম্পত্তিকে জানতেন এমন অনেকের সাক্ষাৎকারও সন্নিবেশিত হয়েছে বইটিতে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/ ১৭২৭ ঘ
bdnews24