সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লাক্স চ্যানেল আই সুপার স্টার - ০৬ প্রতিযোগিতার সফল পরিণতি ঘটেছে 'দারুচিনি দ্বীপ'-ছবিটি মুক্তির মধ্য দিয়ে। ৩১ আগস্ট মুক্তি পেয়েছে বহুল আলোচিত এ চলচ্চিত্রটি। এরই ধারাবাহিকতায় আসছে এ প্রকল্পের নতুন ও দ্বিতীয় চলচ্চিত্র 'আমার আছে জল'।
হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস 'আমার আছে জল' অবলম্বনে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য লিখবেন লেখক নিজেই। উপন্যাসের নামানুসারে চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে। এবার অন্য কেউ নন, স্বয়ং হুমায়ুন আহমেদই চলচ্চিত্রটি পরিচালনা করবেন। প্রযোজনায় যথারীতি ইমপ্রেস টেলিফিল্ম।
'লাক্স-চ্যানেল আই সুপার স্টার-০৭ এর বিজয়ীদের নিয়ে নির্মিত হবে নতুন চলচ্চিত্রটি। প্রতিযোগিতাটি এখন শেষ পর্যায়ে । এরই মধ্যে নির্বাচিত হয়েছেন এবারের সেরা দশ সুন্দরী। সেখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত হবেন শীর্ষ তারকা। হুমায়ুন আহমেদের নতুন চলচ্চিত্র 'আমার আছে জল'-এর প্রধান নায়িকা 'দিলশাত' চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন শীর্ষ তারকা। এছাড়াও সুযোগ পাবেন প্রথম এবং দ্বিতীয় রানারআপ বিজয়ীরাও।
তবে দিলশাতের বিপরীতে নায়ক কে থাকছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। আগে হবে নায়িকা নির্বাচন, এরপর সেই নায়িকার ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে নায়ক ও অন্যান্য পাত্র-পাত্রীদের।
নতুন এ প্রজেক্ট সম্পর্কে চ্যানেল আই এর পরিচালক (বিপনন) ইবনে হাসান খান জানান, এবারের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস 'আমার আছে জল' অবলম্বনে। আরও ভাল সংবাদ হলো, হুমায়ূন আহমেদ নিজেই চলচ্চিত্রটি পরিচালনা করতে সম্মত হয়েছেন। আমার প্রত্যাশা, দারুচিনি দ্বীপের পর এটিও হবে একটি চমৎকার চলচ্চিত্র।"
হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস 'দারুচিনি দ্বীপ' অবলম্বনে এ প্রজেক্টের প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তৌকির আহমেদ। চলচ্চিত্রটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই-০৬ সুপারস্টার মম, প্রথম রানারআপ বিন্দু এবং সেরা দশের মুনমুন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৪৬ ঘ
bdnews24