ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- ক্লোজআপ ওয়ানের দুটি আয়োজনের দুই শীর্ষ তারকা নোলক ও সালমা এবার গান গাইছে একই অ্যালবামে।
অ্যালবামটিতে দুজনের একক ও দ্বৈত মিলিয়ে মোট ১০ টি গান থাকবে। অ্যালবামের ১০ টি গানের মধ্যে ৪টি গানে নোলক ও সালমা দ্বৈতভাবে কন্ঠ দিবেন। বাকী ৬ টি গানে নোলক ও সালমা কন্ঠ দিবে এককভাবে ।
বর্তমানে চলছে অ্যালবামটির গান বাছাইয়ে কাজ। গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করবেন শওকত আলী ইমন।
অ্যালবামটির পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে গানচিলের অন্যতম কর্নধার শিল্পী কুমার বিশ্বজিৎ ও গীতিকার আসিফ ইকবাল।
খুব শীঘ্রই অ্যালবামটির রেকডিং এর কাজ শুরু হবে। অ্যালবামটি বাজারে আনবে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।
এ ব্যাপারে কুমার বিশ্বজিৎ জানান, ক্লোজআপ তারকাদের প্রতিভা বিকাশের পৃষ্ঠোপোষকতায় গানচিল সবসময় সচেষ্ট। এরই ধারাবাহিকতায় এবার আমরা প্রথমবারের মতন একই অ্যালবামে একসঙ্গে নিয়ে আসছি ক্লোজআপ ওয়ানের শীর্ষ দুই তারকাকে। অডিও বাজারে অ্যালবামটি অন্যতম চমক হবে বলে আমরা মনে করছি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২১১৮ ঘ.
bdnews24