আগষ্ট ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গান গাইতে পারলে গায়ক হওয়া গেলেও অভিনয় না জানলে যে নায়ক হওয়া যায় না সেটা সবাই জাননে। তারপরও পশ্চিম বাংলার গায়ক বাবুল সুপ্রিয় নায়ক হওয়ার ঝুঁকি নিতে যাচ্ছেন। পরিচালক তরুন মজুমদারের পরবর্তী সিনেমায় বাবুল সুপ্রিয় অভিনয় করবেন বলে জানা গেছে।
নায়ক হতে বাবুল এরই মধ্যে যথেষ্ট কষ্টও করেছেন। আদনান সামির মতো ওজন কমিয়ে মোটামুটি নায়ক সুলভ চেহারা ফিরিয়ে এনেছেন তিনি।
বাবুল জানান, "আমি তরুনদার নতুন সিনেমা 'চাঁদের বাড়ি'র জন্য গান রেকডিংয়ে গিয়েছিলাম। সেখানে তরুনদা আমাকে নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে আমি রাজী হয়ে যাই। তরুনদা 'বালিকা বধু'সহ আরো কিছু ক্লাসিক সিনেমা তৈরি করেছেন।"
আনেক প্রতিষ্ঠিত গায়ক সিনেমায় অভিনয় করে তেমন সুবিধা করতে পারেননি। বরং সেগুলো সুপার ফ্লপ হয়েছে। যেমন, সুলাকসানা পন্ডিত ও সনু নিগম এর আগে বলিউডে নায়ক চরিত্রে অভিনয় করে তেমন আবেদন সৃষ্টি করতে পারেননি। হিমেশ রেশামিয়া বলিউডে অভিনয়ে নেমে মোটামুটি একটা অবস্থানে আছেন নায়ক হিসেবে। অবশ্য বাবুল এ ব্যাপারগুলো খেয়াল রেখেছেন। তারপরও তিনি ঝুঁকি নিতে প্রস্তুত।
সম্ভবত কিশোর কুমারই একমাত্র সফল গায়ক এবং নায়ক। কুমার সানুও বাংলা সিনেমায় অভিনয় করে খুব একটা সুবিধা করতে পারেননি। তাই বাবুলের ক্ষেত্রে সফলতা ব্যর্থতার দুটোরই সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে বাবুল বলেন, "আমি জানি গায়ক হিসেবে আমাকে সবসময় কুমার শানুর সঙ্গে তুলনা করা হয়। তারপরও শানুদার ক্ষেত্রে যা হয়েছে আমার ক্ষেত্রে ভিন্ন কিছু হতেই পারে।"
তিনি আরো বলেন, "আমি ওজন কমানোর পর যখন একটা মিউজিক ভিডিওতে অভিনয় করলাম তখন অনেকেই মন্তব্য করেছে 'বাবুল হিরো বাননে চালা হ্যায়'। অবশ্য এর আগে আমি দুটো হিন্দি সিনেমায় অভিনয় করেছি কিন্তু সেগুলোতে কেন্দ্রিয় চরিত্রে ছিলাম না।"
উল্লেখ্য, তরুন মজুমদারের 'চাঁদের বাড়ি' সিনেমায় বাবুল সুপ্রিয় ছাড়াও সৌমিত্র চট্টোপ্যাধ্যায় এবং রঞ্জিত মল্লিক অভিনয় করছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/১৯৩০ ঘ.
bdnews24